সাতক্ষীরায় বিএনপির দুই কমিটি বাতিলের দাবি
সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবি জানিয়েছেন দলের একাংশের নেতারা। গত সোমবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ।সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছরের নভেম্বরে সম্মেলনের মাধ্যমে সদর উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে পরবর্তী এক মাসের মধ্যে দলের ত্যাগী নেতাদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা বিএনপির অনুমোদনের জন্য সিদ্ধান্ত হয়। কিন্তু দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সৈয়দা রাজিয়া ফয়েজের বিরোধিতার কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি। তবে গত ১৩ অক্টোবর বিভিন্ন সংবাদমাধ্যমে কমিটি ঘোষনার সংবাদ প্রকাশিত হয়। সংবাদ সম্মেলনে সৈয়দা রাজিয়া ফয়েজের বিরুদ্ধে জেলা বিএনপিতে বিভাজন সৃষ্টির অভিযোগ এনে বলা হয়, তিনি প্রভাব খাটিয়ে বিএনপি থেকে বহিষ্কৃত এবং দলের প্রাথমিক সদস্য নন এমন কয়েকজনকে কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন।সৈয়দা রাজিয়া ফয়েজ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ইফতেখার আলী ও সাংগঠনিক সম্পাদক তাজকিন আহম্মেদ চিশতির অনুমোদনক্রমে দলের মহাসচিব ওই দুই কমিটির অনুমোদন দিয়েছেন।সৈয়দ ইফতেখার আলী বলেন, বিষয়টি দলের অভ্যন্তরীণ ব্যাপার। তাই সংবাদ সম্মেলনের বিষয়টি জানতে পেরে গত সোমবার সকালে তা স্থগিত রাখার জন্য পৌর বিএনপির সাধারণ সম্পাদককে লিখিতভাবে জানানো হয়েছে। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ চিঠি পাওয়ার কথা স্বীকার করে বলেন, নিয়মবহির্ভূতভাবে কাজ করলে তার প্রতিকার চাওয়ার অধিকার সবার রয়েছে।