সাতক্ষীরায় বিজিবি কমান্ডার নিহতের ঘটনায় দুই মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার ৩৮ বিজিবির ভোমরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার নজরুল ইসলাম খুন হওয়ার ঘটনায় চারজনকে আসামি করে পৃথক দুটি মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওই ক্যাম্পের নায়েক মুন্নু মোল্লা এ মামলা করেন। আসামিদের মধ্যে প্রথম দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুজন পলাতক।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জানান, খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের প্রথমজন হলেন সাতক্ষীরা সদরের মাহমুদপুর গ্রামের সাংবাদিক পরিচয়দানকারী আনোয়ার হোসেন। দ্বিতীয়জন তথাকথিত রসুন পাচারকারী বাটকেখালী গ্রামের মো. রনি মোল্লা। এই দুজনের স্বীকারোক্তিতে আরও দুজনের নাম আসে। তাঁরা দুজন স্থানীয় দুটি পত্রিকার সঙ্গে জড়িত বলে দাবি করেছেন। একজন সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার হাবিবুর রহমান। আনোয়ার ও হাবিবুর ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয়ভাবে জানা গেছে। অন্যজন শহর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মুন্সিপাড়া এলাকার রিয়াজুল ইসলাম। ওসি জানান, তাঁদের সবার বিরুদ্ধে হত্যা মামলা ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
সাতক্ষীরার ৩৮ বিজিবি ব্যাটালিয়নের সুবেদার মেজর হাবিবুর রহমান জানান, ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে নজরুল ইসলামের জানাজা ব্যাটালিয়ন সদর দপ্তরের মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাঁর লাশ গ্রামের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলায় পাঠানো হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে রাত সাড়ে ১১টায় তাঁর লাশ দাফন করা হয়।