সাতক্ষীরায় বিজিবির ওপর চোরাচালানিদের হামলা, পণ্য ছিনতাই
সাতক্ষীরার ঝাউডাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যদের ওপর হামলা চালিয়ে চোরাকারবারিরা ছিনিয়ে নিয়েছে আটক করা চোরাই পণ্য। কলারোয়া উপজেলার লাইডুবি গ্রামে গত শনিবার সকালে এ ঘটনা ঘটে।এ ব্যাপারে নয়জনের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি মামলা করা হয়েছে।গ্রামবাসী জানায়, সকাল ১০টার দিকে ১৫-২০ জন চোরাকারবারি ভারতীয় পণ্য নিয়ে লাইডুবি গ্রামে পৌঁছায়। গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই ওই গ্রামে ওত পেতে থাকা সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের ঝাউডাঙ্গা ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় চোরাকারবারিরা মালামাল ফেলে কিছু দূরে অবস্থান নেয়। ঘটনাস্থল থেকে বিজিবি চার বস্তা ভারতীয় পোস্তদানা আটক করে ফিরে আসার সময় চোরাকারবারিরা বিজিবি সদস্যদের ওপর চড়াও হয়। তারা বিজিবির কাছ থেকে দুই বস্তা পোস্তদানা ছিনিয়ে নিয়ে যায়।গ্রামবাসী জানায়, বিজিবির ওপর হামলায় বোয়ালিয়া এলাকার মনি, মতিয়ার, মোজাম, আমিনুর, শরিফুল, বকুল, জাহাঙ্গীর, শফি, মোজাম, আরশাদ, মান্নান, ইছাক, মজিদসহ ১৫-২০ জন অংশ নেয়।কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাস বিশ্বাস জানান, বিজিবি সদস্যদের ওপর হামলা ও আটক পণ্য ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিজিবি হাবিলদার শাহ আলম বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঝাউডাঙ্গা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার ইয়াছিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।