সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদ্যুৎশ্রমিক মারা গেছেন৷ আহত হয়েছেন আরও এক শ্রমিক৷ গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার আলীপুর বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে৷
নিহত ব্যক্তিরা হলেন কেশবপুর উপজেলার ছোট পাতরা গ্রামের আবদুল আহাদ বিশ্বাসের ছেলে বিল্লাল হোসেন (২০) ও তালা উপজেলার কুমিরা গ্রামের নবাব আলীর ছেলে শফিকুল ইসলাম (২২)৷ এ সময় আহত হন কামরুল বিশ্বাস (২৪)৷
বিদ্যুৎশ্রমিক শামিম হোসেন ও শরিফুল ইসলাম সরদার বলেন, ১৬ মে থেকে ঢাকার একটি ঠিকাদাির প্রতিষ্ঠান সাতক্ষীরা থেকে কালীগঞ্জ পর্যন্ত নতুন বিদ্যুৎ লাইন স্থাপনের কাজ করছে।
গতকাল ১৮ জন শ্রমিক আলীপুর বাজারের পাশের বিদ্যুৎ লাইনের কাজ করছিলেন। তাঁরা সেখানে পুরোনো একটি আরসিসি খঁুটি মাটি থেকে তোলার চেষ্টাকালে সেটির ওপর দিয়ে নেওয়া বৈদ্যুতিক তারে খুঁটিটি লাগে৷ এতে খুঁটিটির ভেতরে থাকা রড বিদ্যুতায়িত হয়।
এতে ওই কাজে নিয়োজিত ১৮ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন৷ এর মধ্যে বিল্লাল হোসেন, শফিকুল ইসলাম ও কামরুল বিশ্বাস নামের তিন শ্রমিক গুরুতর আহত হন৷ দ্রুত তাঁদের সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই দুজনকে মৃত ঘোষণা করেন।