সাতক্ষীরায় বেতনা নদী খননের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতনা ভরাট হয়ে পানির প্রবাহ বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় জলাবদ্ধতার। এ সময় নারী ও শিশুসহ সব বয়সের মানুষ চর্মরোগে আক্রান্ত হয়। এলাকাবাসীর দুর্ভোগ দূর করতে এ নদীর খনন জরুরি। ‘সাতক্ষীরার প্রাণ বেতনা নদী ও নদী-তীরবর্তী নারী-শিশুর প্রাণ প্রবাহ’-এর দাবিতে আয়োজিত গণমাধ্যম সংলাপে এসব কথা বলা হয়।
আন্তর্জাতিক পানি দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা মাঝেরপাড়ায় গবেষণা প্রতিষ্ঠান বারসিক এ সংলাপের আয়োজন করে। সংলাপে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে মুক্ত আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সাংবাদিক সুভাষ চৌধুরী, মিজানুর রহমান প্রমুখ। সংলাপে বেতনাপাড়ের বাসিন্দা রহিমা খাতুন, হাসিনা খাতুন, অঞ্জলী বিশ্বাস, জেসমিন সুলতানসহ শতাধিক নারী অংশ নেন।
এই নারীরা বলেন, প্রতিবছর অন্তত ছয় মাস নদীর পানি চলাচল বন্ধ থাকে। তখন এ নদীতে নৌকা চলে না। সৃষ্টি হয় জলাবদ্ধতার। পানি পচে দুর্গন্ধ ছড়ায়। এ পানি ব্যবহার করলে চর্মরোগ হয়। তাঁরা আরও বলেন, বছর তিনেক আগে বেতনা নদী খনন শুরু করেছিল সরকার। বর্ষা মৌসুমের আগে খননকাজ করা হয়। বর্ষার শুরুতেই দুই পাশের মাটি ধসে পড়ে। আবার ভরাট হয় নদীটি।