সাতক্ষীরায় বোরো ধানে চিটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর ও তালা উপজেলায় বোরো ধানে ফুল আসার সময় প্রথমে কালো ও পরে সাদা হয়ে ধান চিটা হয়ে যাচ্ছে। এ থেকে রক্ষা পেতে কৃষকেরা বিভিন্ন ধরনের প্রতিষেধক প্রয়োগ করেও ফল পাচ্ছেন না। ধানগাছে ফুল আসার সময় এ রোগ দেখা দেওয়ায় কৃষকেরা হতাশ হয়ে পড়েছেন।জেলার খামারবাড়ি সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর ও তালা উপজেলার চলতি বোরো মৌসুমে ৩৮ হাজার ১৫০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। কৃষকেরা চলতি বোরো মৌসুমে চাষ করেছেন বিআর ২৮, জামাই বাবু, সুপার হাইব্রিড, বাংলামতি, শক্তি, এসিআই, জ্যোতি, হাইব্রিড তেজ ও ব্রি-২৯ জাতের ধান।খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে অনেক জমির ধানগাছ থেকে শিষ বের হচ্ছে। কোনো কোনো খেতের গাছে কাইচ থোড় দেখা দিয়েছে। ধানের শিষে কোনো ফুল নেই। কালো হয়ে ধান চিঁটা হয়ে যাচ্ছে। কয়েক দিন পর ধানের শিষ সাদা হয়ে শুকিয়ে যাচ্ছে।সাতক্ষীরা ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এফ এম ময়নুদ্দিন ফকির জানান, জমিতে লবণাক্ততা বৃদ্ধি, ঝড়-বৃষ্টি ও তাপমাত্রাজনিত কারণে পরাগায়ন হতে না পেরে ধানে চিটা হতে পারে। সাতক্ষীরা খামারবাড়ির উপপরিচালক হরিবুলা সরকার জানান, সাতক্ষীরা ও তালা ইতিমধ্যে ১৫০ বিঘা জমি শনাক্ত করা গেছে। আরও অনেক এলাকায় কমবেশি ধানে চিটা দেখা দিয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন।