সাতক্ষীরায় ব্যবসায়ীকে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামে কাঁকড়াঘেরের এক মালিককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
নিহত হাফিজুর ইসলাম (৩০) তেঁতুলিয়া গ্রামের আনছারউদ্দিন গাজীর ছেলে।
নিহত ব্যক্তির মা হাসিনা বেগম জানান, তাঁর ছেলে হাফিজুর গত রোববার দিবাগত রাত তিনটার দিকে বাড়ির পাশের কাঁকড়াঘের দেখতে যান। ওই সময় তাঁর ছেলেকে কে বা কারা শ্বাসরোধে হত্যা করে।
হাসিনা বেগম অভিযোগ করেন, প্রতিবেশী একজনের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে তাঁর ছেলেকে হত্যা করা হতে পারে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম রহমান বলেন, নিহত ব্যক্তির মা একজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছেন। সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে হাফিজুরের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।