সাতক্ষীরায় ভারতীয় কাপড় ও ফেনসিডিল উদ্ধার গ্রেপ্তার ১
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা গতকাল বুধবার সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালী ফুটবল মাঠে অভিযান চালিয়ে ৩০ লাখ ৩০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও থ্রি-পিস আটক করেছেন। এ সময় ৫৪ বোতল ফেনসিডিলসহ পাচারকারী সন্দেহে আমিনুল ইসলাম (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি সাতক্ষীরা শহরের রসুলপুরের রেজাউল হকের ছেলে।সাতক্ষীরা ৩৮ বিজিবির হাবিলদার আবদুর রউফ জানান, গতকাল ভোর পাঁচটার দিকে বিজিবি সদস্যরা কলারোয়ার যুগিখালী ফুটবল মাঠের পাশে অবস্থান করছিলেন। এ সময় পণ্যসহ একদল পাচারকারীকে থামতে বললে, তারা পালানোর চেষ্টা করে। বিজিবির সদস্যরা তাদের ধাওয়া করলে ২৫৩টি ভারতীয় শাড়ি ও ২৭৮টি থ্রি-পিস ফেলে তারা পালিয়ে যায়। একই সময় ৫৪ বোতল ফেনসিডিলসহ পাচারকারী আমিনুল ইসলামকে আটক করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আটক করা কাপড়ের মূল্য প্রায় ৩০ লাখ ৩০ হাজার টাকা।কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, এ ঘটনায় বিজিবির হাবিলদার আবদুর রউফ বাদী হয়ে গতকাল থানায় মামলা করেছেন।