সাতক্ষীরায় ভূমিহীনদের ওপর হামলা, ঘরে অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা শহরতলির পারকুকরালি এলাকায় গত শুক্রবার ভূমিহীনদের ওপর হামলা ও তাদের ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত শুক্রবার দুপুরের ওই ঘটনায় একজন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় চার গ্রামের পাঁচ হাজার লোককে আসামি করে একটি মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া চারজনকে আসামি করে আরেকটি মামলা হয়েছে। পুলিশ সাতক্ষীরা সদর থানায় শুক্রবার রাতে পৃথক এই মামলা দুটি দায়ের করে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সাতক্ষীরা পৌরসভার সাবেক কমিশনার এন্থনি সরদার দীর্ঘদিন ধরে সাতক্ষীরা শহরতলির পারকুকরালি গ্রামের এক একর ৫৪ শতক জমি সরকারের কাছ থেকে একসনা ইজারা নিয়ে ভোগদখল করে আসছিলেন। সাতক্ষীরা শহরের জয়নাল আবেদীন ও হারুন-অর-রশিদের নেতৃত্বে ১৮ এপ্রিল সকালে ভূমিহীনেরা ওই জমির দখল নেয়। পরে ৩০টি ভূমিহীন পরিবার সেখানে ঘর বানিয়ে বসবাস শুরু করে। এরপর ওই জমিতে স্থানীয় একটি মহল মসজিদ ও কবরস্থান তৈরির নামে ভূমিহীনদের উচ্ছেদের চেষ্টা চালাতে থাকে। শুক্রবার জুমার নামাজের পর আবু সাত্তার, আবদুস ছাত্তার ও শহীদুল ইসলামের নেতৃত্বে বাটকেখালি, পারকুকরালি, বাগানবাড়ি ও গড়েরডাঙ্গা গ্রামের ৪০০-৫০০ লোক মিছিল নিয়ে গিয়ে ভূমিহীনদের ওপর হামলা চালায়। তারা ভূমিহীনদের সব ঘর ভাঙচুর করে এবং ২২টি ঘরে আগুন ধরিয়ে দেয়। তাদের ছোড়া গুলিতে রুমা খাতুন নামের এক গৃহবধূ জখম হন। এ ছাড়া তাদের হামলায় জবেদ আলী, আবদুর রশিদ, আবদুল বারি, হালিমা খাতুনসহ ২০ জন জখম হন। রুমাকে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ঘটনাস্থলের পাশে আবদুল আলিমের ঘর থেকে চারজনকে একটি আগ্নেয়াস্ত্রসহ জনতা ধরে পিটিয়ে পুলিশে সোপর্দ করে। আবদুস ছাত্তার নামের স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘যারা জমি দখল করে সেখানে খুপরিঘর করেছে, তাদের কেউ ভূমিহীন নয়। ভূমিহীনদের নাম ভাঙিয়ে তারা জমি দখল করেছিল। গ্রামবাসী কবরস্থান করার জন্য ওই জমি থেকে তাদের উচ্ছেদ করেছে।’ সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান জানান, আলতাফ হোসেন, আবদুস সবুর, সিদ্দিকুর রহমান ও আবদুল হালিম নামের চারজনকে একটি পাইপগান ও একটি বন্দুকের গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে ভূমিহীনদের ওপর হামলায় ঘটনায় কারও নাম উল্লেখ না করে পাঁচ হাজার লোকের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক আলী রেজা একটি এবং অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া চারজনকে আসামি করে উপপরিদর্শক হারান পাল একটি মামলা করেছেন।