সাতক্ষীরায় ভেসে গেছে দুই হাজার চিংড়িঘের
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধ ভেঙে সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলার দুই হাজার চিংড়িঘের ও তিন শতাধিক পুকুর ভেসে গেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ৩০ কোটি টাকার।জেলা চিংড়িচাষি সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, গত বছর আইলায় এলাকা সম্পূর্ণ তলিয়ে গিয়ে কয়েক শ কোটি টাকার চিংড়ি ভেসে যায়। এতে চাষিরা নিঃস্ব হয়ে পড়েন। এক বছর পর বাঁধ নির্মাণ শেষ হলে অনেকে ব্যাংক বা মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে ফের চিংড়ির চাষ করেন। পদ্মপুকুর ইউনিয়নের ছোট-বড় দুই হাজার ৩০০ চিংড়িঘেরের মধ্যে ৬ অক্টোবর কপোতাক্ষ নদের পাউবোর বাঁধ ভেঙে দুই হাজার ঘের ও তিন শতাধিক পুকুর ভেসে গেছে। গত ৯ অক্টোবর আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের পাউবোর বাঁধ ভেঙে ৩০টি চিংড়িঘের ভেসে গেছে। এতে চাষিদের প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে। পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, আইলার পর ৬ অক্টোবর রাতে আবার পদ্মপুকুর ও কেদেরবাজর এলাকার বাঁধের দুই স্থানে ভেঙে ইউনিয়নের পদ্মপুকুর, গড়কোমরপুর, কেদারবাজার, পাখিমারা, কামালকাটি, সোনাখালী, খুঁটিকাটা, বাইনতলা, ঝাপা, বন্যতলাসহ ১৫টি গ্রাম পানিতে তলিয়ে যায়। নতুন করে ইউনিয়নের ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।