সাতক্ষীরায় ভোটারবিহীন ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘড়ির কাঁটায় বিকেল চারটা। সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গোদাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা গেল প্রার্থীদের কোনো পোলিং এজেন্ট নেই। নির্বাচনের কাজে নিয়োজিত ব্যক্তিরা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে আছেন। আনসার ও পুলিশ সদস্যরা নিরাপত্তার জন্য কেন্দ্রের বাইরে ও সড়কের ওপর দাঁড়িয়ে আছেন।
খোঁজ নিয় জানা গেল এ সময়ের মধ্যে একজনও ভোট দিতে আসেননি এ কেন্দ্রে। একটি ভোটও পড়েনি বাক্সে। এ রকম চিত্র দেখা গেল সাতক্ষীরার একাধিক কেন্দ্রে। গোদাঘাটা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবতাবুজ্জামান বলেন, রাতভর ককটেল বিস্ফোরণের শব্দে এলাকা প্রকম্পিত হয়েছে। ভোটাররা আতঙ্কে বের হননি। এ কেন্দ্রের এক হাজার ৮৮৫ জনের মধ্যে একজনও ভোট দিতে আসেননি।
আগরদাঁড়ি কামিল মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আজিজুর রহমান জানান, এখানে একটি ভোটও পড়েনি। ভোটার সংখ্যা এক হাজার ৮৭৬।
শিয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শঙ্কর রায় বলেন, এ কেন্দ্রে দুই হাজার ৩৬৭ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন মাত্র একজন।
খানপুর সিদ্দিকা আলিয়া মাদ্রাসা, গোবিন্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝাউডাঙ্গা ফাজিল মাদ্রাসা ও তুজুলপুর জেসি মাধ্যমিক বিদ্যালয়, ঝাউডাঙ্গা উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রেও ভোট পড়েছে খুবই কম। সাতক্ষীরা শহরতলির কাসেমপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার তিন হাজার ৬৮৮জন। সেখানে বেলা আড়াইটায় ৩০৫টি ভোট পড়েছে।
ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিন হাজার ৬৬৬টি ভোটের মধ্যে বিকেল পৌনে চারটা পর্যন্ত ভোট পড়েছে সাতটি।