সাতক্ষীরায় মানুষকে সাহস জোগাতে মতবিনিময়
আপনারা বাড়িঘর ছেড়ে যাবেন না। এ দেশ সব ধর্ম-বর্ণের মানুষের। যারা বাড়িঘর ভাঙচুর করে আগুন দেয়, তাদের প্রতিহত করতে হবে। এ জন্য প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে। যারা হিন্দু সম্প্রদায়ের মানুষসহ অন্যদের বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে, তাদের অবশ্যই শাস্তি পেতে হবে। সাতক্ষীরায় জামায়াত-শিবিরের সহিংসতায় ভীত হয়ে এলাকা ছেড়ে চলে যাওয়া হিন্দু সম্প্রদায়ের মানুষ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের এলাকায় ফিরে আসতে এবং তাঁদের মনে সাহস জোগাতে গতকাল রোববার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
দুপুর ১২টার দিকে সদর উপজেলার আগরদাঁড়ি কুমারপাড়ায় এ মতবিনিময় অনুষ্ঠানে এলাকার জনপ্রতিনিধিসহ সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-৩৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমাম আহসান। আরও বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ গোপাল চন্দ্র ঘোষাল, মো. আবদুল্লাহ, ইউপি সদস্য খলিলুর রহমান প্রমুখ। বক্তারা আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। তাঁরা এলাকায় সব সম্প্রদায়ের মানুষকে মিলেমিশে বসবাস করার আহ্বান জানান।