সাতক্ষীরায় মৃণাল হত্যা মামলার প্রধান সাক্ষীকে অপহরণ
সাতক্ষীরার শ্যামনগরে আলোচিত মৃণাল মণ্ডল হত্যা মামলার অন্যতম সাক্ষী কুমার শানু হিমাংগ মণ্ডলকে গত মঙ্গলবার রাতে অপহরণ করেছে দুর্বৃত্তরা। তিনি মৃণালের আপন ভাই। তাঁকে অপহরণের সময় বাধা দিতে এলে তাঁর ভাই বিশ্বজিৎ মণ্ডল, বোন অর্পণা মণ্ডল ও মা গীতা মণ্ডলকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। মৃণালের বাবা দেবেন্দ্রনাথ মণ্ডল অভিযোগ করেন, আজ (বৃহস্পতিবার) তাঁর বড় ছেলে মৃণাল মণ্ডল হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিন। মামলার ১ নম্বর সাক্ষী মেজ ছেলে কুমার শানু হিমাংগ। গরমের কারণে মঙ্গলবার রাতে স্ত্রী ও তিনি ঘরের বারান্দায় শুয়ে ছিলেন। দুই ছেলে ও মেয়ে শোবার ঘরে ঘুমিয়ে ছিল। রাত সাড়ে ১১টার দিকে সাত-আটজনের একদল দুর্বৃত্ত মুখোশ পরে অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে ঢুকেই কুমার শানুকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাঁরা বাধা দিলে দুর্বৃত্তরা তাঁর ছেলেমেয়ে-স্ত্রী সবাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাঁর মেয়ের মুখ, ঘাড়সহ শরীরে ১০টি কোপ দেয় তারা। ছেলে বিশ্বজিতের এক হাতের কবজি ও অন্য হাতের একটি আঙুল শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আসামি শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম ও আবদুল মজিদের নেতৃত্বে এই হামলা চালানো হয়। পরে প্রতিবেশীরা এসে তাঁর পরিবারের সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাত আড়াইটার দিকে তাঁদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। দেবেন্দ্রনাথ অভিযোগ করেন, তাঁর বাড়ির পাশে একটি ঘেরের জমি নিয়ে শ্যামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শফিকুল ইসলামের সঙ্গে বিরোধের জেরে ২০০৩ সালের ২৬ অক্টোবর মৃণাল মণ্ডলকে খুন করে লাশ বাড়িতে রেখে যায় ঘাতকেরা। এ ঘটনায় তাঁর করা মামলায় তদন্ত শেষে ২০০৮ সালের ফেব্রুয়ারিতে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। আজ মামলাটিতে প্রথম সাক্ষ্য গ্রহণের দিন ছিল। সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসকেরা জানান, অর্পণা মণ্ডল ও বিশ্বজিৎ মণ্ডলের অবস্থা আশঙ্কাজনক।