সাতক্ষীরায় যাত্রীবাহী বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস-মিনিবাস মালিক সমিতির একটি নতুন কমিটি গঠনের পাল্টা ব্যবস্থা হিসেবে গতকাল মঙ্গলবার সকাল নয়টা থেকে সাতক্ষীরার সব পথে যাত্রীবাহী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সাতক্ষীরার বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন জেলার নয়টি পথে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছে।সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ও জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম বলেন, ‘আবদুস সোহবান ও আসাদুল হকের নেতৃত্বে গত সোমবার রাতে অবৈধভাবে ১৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এরপর তারা গতকাল সকালে আমাদের পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনের তোফায়েল মোড়ের একটি টিকিট কাউন্টার দখল করে নিয়েছে এবং আমাদের সমিতির বাস থেকে জোর করে ২০০ টাকা করে চাঁদা আদায় করছে। এ অবস্থায় স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো ধরনের সহযোগিতা পাওয়া যায়নি। ফলে গন্ডগোল এড়াতে বাস-মিনিবাস মালিক সমিতি ও বাস-ট্রাক শ্রমিক ইউনিয়ন বাধ্য হয়ে সব পথে যাত্রীবাহী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে।’সরেজমিনে দেখা গেছে, গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে সাতক্ষীরা-খুলনা, সাতক্ষীরা-যশোর ও সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কে যাত্রীবাহী বাসগুলো এলোমেলোভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এ কারণে সাতক্ষীরার নয়টি পথে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে সাধারণ যাত্রীরা বেশ ভোগান্তিতে পড়েছে। আসাদুল হকের নিয়ন্ত্রণাধীন কমিটি শহরের তুফান মোড় এলাকায় ও সাইফুল করিমের নেতৃত্বাধীন কমিটি সাতক্ষীরা বাস টার্মিনালে লোকবল বৃদ্ধি করছে।বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটির সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আসাদুল হক বলেন, ‘সাধারণ বাসের মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা নতুন কমিটি গঠন করে গতকাল সকাল থেকে সাতক্ষীরা-খুলনা সড়কে বাস চালাচ্ছি। আমরা টার্মিনালে যাইনি এবং কারও সঙ্গে কোনো বিরোধ করতে চাই না। ’