সাতক্ষীরায় যুবদল নেতা ও পৌর কাউন্সিলর গ্রেপ্তার
সাতক্ষীরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আইনুল হককে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত আটটার দিকে শহরের পুরাতন সাতক্ষীরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বলেন, আইনুল হক জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আমানউল্লাহ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তিনি এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার পরও তিনি আদালতে আত্মসমর্পণ করেননি বা নতুন করে জামিন নেননি। গতকাল রাতে শহরের পুরাতন সাতক্ষীরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গত বছরের ৬ সেপ্টেম্বর শহরের শিল্পকলা একাডেমীতে জেলা বিএনপির কর্মী সম্মেলনে প্রতিপক্ষের হামলায় আমানউল্লাহ নিহত হন। এ ঘটনায় ওই দিন রাতে আমানউল্লাহর মা ফাতেমা খাতুন ৫৪ জনের নাম উল্লেখ করে ১০৪ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় আইনুল হক ২ নম্বর আসামি।