সাতক্ষীরায় যুবদল নেতা গ্রেপ্তার
সাতক্ষীরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান ওরফে মিঠু খানকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত সোমবার রাতে সাতক্ষীরা শহরের সুলতানপুর ঝিল এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। সদর থানায় দ্রুত বিচার আইনে হওয়া একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। সোমবার জেলা যুবদলের সভাপতি আবুল হাসান বাদী হয়ে আদালতে মামলাটি করেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, রোববার দুপুর ১২টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা যুবদলের প্রতিনিধি সমেঞ্চলন শুরু হয়। এ সময় মিঠু খানের নেতৃত্বে তাঁর লোকজন রড, হকিস্টিক ও দা নিয়ে সেখানে আসেন এবং কর্মীদের ওপর হামলা চালান। মিঠু খান এ সময় তাঁর পিস্তল থেকে দুই-তিনটি গুলি ছোড়েন। এ সময় তিনি দা দিয়ে আঘাত করে পৌর কমিশনার আইনুল হককে জখম করেন। পরে হামলাকারীরা সাতক্ষীরা শহরের নাবারুণ বালিকা বিদ্যালয়ের মোড়ে জড়ো হয়ে যানবাহন চলাচলে বাধা দেয় ও কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় যুবদল নেতা আবুল হাসান বাদী হয়ে মিঠু খানসহ ৩০ জনের বিরুদ্ধে গত সোমবার মুখ্য বিচারিক হাকিম শহীদুল ইসলামের আদালতে মামলা করেন। বিচারক মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করার জন্য সাতক্ষীরা সদর থানাকে নির্দেশ দেন। ওই মামলায় মিঠু খানকে গ্রেপ্তার করা হয়েছে। যুবদল নেতা মিঠু খান দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছে।