সাতক্ষীরায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
সাতক্ষীরা জেলা যুবদলের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। গত রোববার জেলা প্রতিনিধি সম্মেলনে অংশ নিতে গেলে এক পক্ষ অপর পক্ষের নেতা-কর্মীদের বাধা দেয়। এ ঘটনায় উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা করেছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত রোববার বেলা একটায় যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মনিরুজ্জামান ও যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর হাওলাদারসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জেলা যুবদলের প্রতিনিধি সম্মেলন সাতক্ষীরা শিল্পকলা একাডেমীতে শুরু হয়। দুপুর ১২টার দিকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিঠু খানের নেতৃত্বে ৩০-৪০ নেতা-কর্মী শিল্পকলা একাডেমীতে ঢোকার চেষ্টা করেন। এ সময় জেলা যুবদলের সভাপতি আবুল হাসানের পক্ষের লোকজন সেখানে ঢুকতে বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।সংঘর্ষে মিঠু খান, তাঁর পক্ষের জেলা যুবদলের সদস্য কবীর হোসেন ও বদর খোকন এবং আবুল হাসানের পক্ষের জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক আইনুল ইসলাম, জেলা কৃষক দলের সভাপতি ও সাতক্ষীরা পৌর কাউন্সিলর মোহাম্মদ আলীসহ ১০ জন নেতা-কর্মী আহত হন।একপর্যায়ে মিঠু খানের সমর্থকেরা সভাস্থল ত্যাগ করেন। পরে বেলা একটার দিকে মিঠু খানের সমর্থকেরা সংগঠিত হয়ে আবার সম্মেলনে ঢোকার চেষ্টা করেন। এ সময় অপর পক্ষ ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যান। যুবদল নেতা মিঠু খান জানান, তিনি একটি মিছিল নিয়ে যুবদলের প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে শহরের শিল্পকলা একাডেমিতে যাচ্ছিলেন। সেখানে ঢুকতে গেলে জেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ আলী, জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক আইনুল ইসলাম ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তারিকুল ইসলামের নেতৃত্বে তাঁদের ওপর হামলা চালানো হয়। যুবদলের সভাপতি আবুল হাসান জানান, মিঠু খান গত পাঁচ বছর দলের কোনো কর্মকাণ্ডে যোগ দেননি এবং কোনো আন্দোলনে অংশ নেননি। যুবদলের কেন্দ্রীয় নেতাদের আসার কথা শুনে তিনি তাঁর পক্ষের কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে প্রতিনিধি সভায় যোগ দেওয়ার চেষ্টা করেন। এ কারণে যুবদলের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা তাঁদেরকে সম্মেলনে ঢুকতে দেননি। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মোহাম্মাদ ইব্রাহিম জানান, হামলার অভিযোগে রোববার রাতে মিঠু খানের পক্ষে নাছির উদ্দিন বাদী হয়ে ৩৫ জনের নামে মামলা করেছেন। গতকাল সোমবার আবুল হাসান বাদী হয়ে মিঠু খানসহ ২৫ জনের নামে আরেকটি মামলা করেছেন।