সাতক্ষীরার কালীগঞ্জে যৌথ বাহিনীর সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ হয়েছে। আজ রোববার ভোরে কালীগঞ্জ উপজেলার কুশলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) গড়েরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আযম জানান, গতকাল শনিবার দিবাগত রাতে আওয়ামী লীগের নেতা মোসলেমউদ্দিন আলী হত্যা মামলার আসামি ধরতে যায় যৌথ বাহিনী। আজ ভোরে কালীগঞ্জের গড়েরমাঠ এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ ও ককটেল ছুড়ে মারতে থাকেন। একপর্যায়ে যৌথ বাহিনী গুলি চালালে আশরাফুল ইসলাম ওরফে বাবু নামের একজন আহত হন। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে প্রথমে কালীগঞ্জ ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুরে যৌথ বাহিনীর সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ হয়েছে। এ সময় উত্তেজিত জনতা আলীপুর ইউনিয়ন জামায়াতের আমির শফিকুল ইসলাম, ইউপি সদস্য বিএনপির কর্মী আনিসুর রহমান ও তাঁর ভাই আজিজুল ইসলামের বাড়ি ভাঙচুর করে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
এদিকে যৌথ বাহিনী গতকাল রাত ও আজ ভোরে জেলার তালা, শ্যামনগর ও কলারোয়া উপজেলা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে। কালীগঞ্জ উপজেলা থেকে গ্রেপ্তার আশরাফুলসহ এ সংখ্যা ৫।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী পৃথক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানতে চাইলে তিনি প্রথম আলো ডটকমকে বলেন, মাহমুদপুরে বিক্ষুব্ধ জনতা বাড়িঘর ভাঙচুর করে থাকতে পারে। এ ব্যাপারে কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।