সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৬
যৌথ বাহিনী গতকাল মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে সাতক্ষীরার বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতের ছয় কর্মীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, জেলার তালা উপজেলার মহেন্দী গ্রামের মীর আয়ুব আলী, খলিশখালী গ্রামের নূরালী মোড়ল, তৈলকুপি গ্রামের লাকী গাজী; দেবহাটা উপজেলার সখীপুর গ্রামের সাইফুল ইসলাম, কলারোয়া উপজেলার দেয়াড়া গ্রামের আজগর দফাদার, শ্যামনগর উপজেলার পার্শেমারী গ্রামের লিটন তরফদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সরকারি কজে বাধা দান, গাছ কেটে সড়ক অবরোধ ও নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধের প্রথম দিন আজ বুধবার সকাল থেকে সাতক্ষীরায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অবরোধ-সমর্থক ১৮-দলীয় কোনো নেতা-কর্মীকে সড়কে দেখা যায়নি। তবে সাতক্ষীরার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানির কাজ। নাশকতা এড়াতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী টহল দিচ্ছে।