সাতক্ষীরায় রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষা ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুরা বিদ্যালয় চত্বরে ঘোরাঘুরি করছে। কেউ কেউ শ্রেণীকক্ষে ঢুকছে আবার বেরিয়ে আসছে। স্যাররা কোথায় জিজ্ঞাসা করতেই চতুর্থ শ্রেণীর ছাত্রী নিপা জানায়, ‘একটা আপা কোন ক্লাস ন্যাবে। আপা টু-র ক্লাস নইছে।’গত ৩০ এপ্রিল সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৩০ নম্বর পূর্ব আটুলিয়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে এ দৃশ্য দেখা গেছে। শিক্ষকসংকটের কারণে শুধু এটি নয়, জেলার দেড় শতাধিক বিদ্যালয়ের একই রকম অবস্থা।বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মিজানুর রহমান জানান, বিদ্যালয়ে একজন মাত্র শিক্ষক। বিদ্যালয়টি চালু রাখার স্বার্থে ৫০০ টাকার চুক্তিতে সাহেলা মুন্না ও সাহিনা আক্তারকে প্রতিদিন কয়েক ঘণ্টা করে সময় দিতে অনুরোধ করা হয়েছে একমাত্র শিক্ষকের সহকারী হিসেবে। চেষ্টা করেও বিদ্যালয়ের ছাত্রছাত্রী ধরে রাখা যাচ্ছে না।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাকিম মুঠোফোনে জানান, ২০০৮ সালে পরপর তিনজন শিক্ষক অবসরে যাওয়ায় তিনি একাই বিদ্যালয়টি চালাচ্ছেন।একই অবস্থা উপজেলার ১৬নং হাঙলভাঙি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের। ধারাবাহিকভাবে ছাত্রছাত্রী কমে যাচ্ছে উল্লেখ করে শ্যামনগর উপজেলা তথা জেলার রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে ফলাফল বিচারে শীর্ষে থাকা বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. আতিয়ার রহমান বলেন, ‘স্কুলটা কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, একটু দেখে যান। টানা পাঁচ বছর পাসের হার শতভাগ হলেও গত বছরে তা ৫১ শতাংশে নেমে এসেছে। নিজ হাতে গড়ে তোলা বিদ্যালয়টির এমন দুরবস্থা দেখতে খুবই কষ্ট পাচ্ছি।’সাতক্ষীরা জেলা প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিটি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে কমপক্ষে চারজন করে শিক্ষক থাকার কথা। সাতক্ষীরা জেলার সাতটি উপজেলায় ১৩৪টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকশূন্যতা রয়েছে ১৯৪ জন।কালীগঞ্জ উপজেলার শিক্ষকসংকটে একই অবস্থা ইছাপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের। একমাত্র শিক্ষক নুরুল ইসলাম জানান, বিদ্যালয়ে ১৬১ জন শিক্ষার্থী। খুব অসুবিধার মধ্য দিয়ে একজন প্যারাশিক্ষকের সহযোগিতায় ক্লাস চালাচ্ছি। তার ওপর দাপ্তরিক কাজকর্মে উপজেলা শিক্ষা অফিসে যেতে হয়। এতে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে।সাতক্ষীরা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় সমিতির সাধারণ সম্পাদক আবদুস ছাত্তার জানান, শূন্য পদ পূরণে সংশ্লিষ্ট বিদ্যালয় এবং সমিতির পক্ষ থেকে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও ঢাকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন করা হয়েছে। কিন্তু বলা হচ্ছে, আদালতে মামলা রয়েছে বলে শূন্য পদ পূরণ করা যাচ্ছে না।সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালা বলেন, শিক্ষক নিয়োগের জন্য ২০০৯ সালের এপ্রিল মাসে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে আবেদন নেওয়া হয়েছিল। কিন্তু উচ্চ আদালতের রিটের কারণে পরীক্ষা প্রক্রিয়া স্থগিত রয়েছে।