সাতক্ষীরায় লোডশেডিংয়ে নাকাল মানুষ
সাতক্ষীরায় ব্যাপক লোডশেডিংয়ে নাকাল মানুষ। শহরে দিন-রাতে ৮ থেকে ১০ ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকছে না। উপজেলাগুলোর অবস্থা আরও করুণ। শ্যামনগর, আশাশুনি, কালিগঞ্জ, দেবহাটা উপজেলায় বিদ্যুৎ থাকছে না ঘণ্টার পর ঘণ্টা।
সাতক্ষীরা বিনেরপোতা জাতীয় গ্রিড উপকেন্দ্র সূত্রে জানা যায়, জেলায় দিনে পল্লী বিদ্যুৎ সমিতি ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির চাহিদা ৬০ থেকে ৭০ মেগাওয়াট। কিন্তু পাওয়া যাচ্ছে ২৮ থেকে ৩০ মেগাওয়াট। আর রাতে ৯০ থেকে ১০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে ৪৮ থেকে ৫০ মেগাওয়াট।
উপকেন্দ্রের উপসহকারী প্রকৌশলী নাজমুল হুদা বলেন, আশুগঞ্জের চারটি সার্কিটের মাধ্যমে জাতীয় বিদ্যুৎ গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হতো। এখন দুটি সার্কিটের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। এ কারণে উৎপাদন থাকলেও বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না। সেখানে মেরামতের কাজ চলছে। আগামী দুই মাসের মধ্যে বিদ্যুৎ সরবরাহ ঠিক হয়ে যাবে।
শহরের কাটিয়া এলাকার জিয়াউল হক বলেন, দিন-রাতে অসংখ্যবার বিদ্যুৎ আসা-যাওয়া করে। একবার বিদ্যুৎ গেলে দীর্ঘ সময় পর আসে। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করতে হয়।
শহরে একটি ওয়ার্কশপের স্বত্বাধিকারী আবদুর রহমান বলেন, লোডশেডিংয়ের কারণে লেদ মেশিন চলানো কঠিন হয়ে পড়েছে। দিনের অর্ধেক সময় শ্রমিকেরা কাজ করতে পারেন না। অথচ শ্রমিকদের বেতন গুনতে হচ্ছে। একই রকম কথা বলেন চালকলের মালিক রিফাত আমিন। তিনি বলেন, ‘বিদ্যুৎ না থাকায় মেশিন বন্ধ হতে চলছে। ঋণ নিয়ে অটো রাইস মিল করেছি। শুধু বিদ্যুৎ না থাকার কারণে লোকসান হচ্ছে।’
শ্যামনগর উপজেলা সদরের হরিনগর এলাকার বিশ্বনাথ দাস বলেন, গত শনি ও রোববার ২৪ ঘণ্টার মধ্যে ৫-৬ ঘণ্টার বেশি বিদ্যুৎ ছিল না। ২০ মিনিট বিদ্যুৎ থাকে, তো এক ঘণ্টা থাকে না। অসহনীয় গরমের সঙ্গে লোডশেডিং ভোগান্তি বাড়াচ্ছে।
কালিগঞ্জের মোবারকপুর গ্রামের আহমাদুল্লাহ বলেন, দিন-রাতে ৬-৭ ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকছে না। গরমে বাচ্চা ও বৃদ্ধাদের কষ্ট হচ্ছে বেশি।
আশাশুনির বুধহাটা এলাকার অশোক সাহা বলেন, গরমের সঙ্গে পাল্লা দিয়ে লোডশেডিং হচ্ছে। অব্যাহত লোডশেডিংয়ে শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক বিঘ্ন ঘটছে।
সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক রবীন্দ্রনাথ দাস বলেন, জেলায় বিদ্যুতের তিন লাখ গ্রাহক রয়েছেন। অধিকাংশ সময় অর্ধেকের কম পরিমাণ বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এরপর বিশেষ বিশেষ স্থানে বিদ্যুৎ বেশি দিতে হয়। ফলে ৮ থেকে ১২ ঘণ্টার বেশি বিদ্যুৎ দেওয়া যায় না।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির সাতক্ষীরার আবাসিক নির্বাহী প্রকৌশলী মো. রোকনুজ্জামান বলেন, তাঁদের অধীন জেলা শহরে ৩০ হাজার ৫০৮টি সংযোগ রয়েছে। বিদ্যুতের চাহিদা ১৫ মেগাওয়াট। তবে সরবরাহ পাওয়া যাচ্ছে ৮-১১ মেগাওয়াট। বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে।