সাতক্ষীরায় শিক্ষকের লাঠির আঘাতে শিশুছাত্র আহত
পড়া না পারায় দ্বিতীয় শ্রেণীর এক শিশুকে নির্দয়ভাবে পিটিয়ে আহত করা হয়েছে। আহত শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।সাতক্ষীরা সদর উপজেলার উত্তর ফিংড়ি সরকারি প্রাথমিক স্কুলে এ ঘটনা ঘটেছে। ওই শিক্ষকের নাম মো. আসাদুজ্জামান। শিশুটির নাম সৌরভ ঘোষ (৭)। সে ফিংড়ি গ্রামের মৃত্যুঞ্জয় ঘোষের ছেলে।সৌরভ ঘোষ জানায়, গত শনিবার বাংলার শিক্ষক মো. আসাদুজ্জামান তাঁকে পড়া বলতে বলেন। পড়া না পারায় শিক্ষক তাঁকে লাঠি দিয়ে পেটাতে শুরু করেন। সে কক্ষের মেঝেতে লুটিয়ে পড়লেও তাঁকে পেটানো হয়।মৃত্যুঞ্জয় ঘোষ জানান, শিক্ষকের পেটানোর খবর পেয়ে তিনি স্কুলে যান। ছেলের পিঠে ও নিতম্বে আঘাতের চিহ্ন দেখে প্রধান শিক্ষক কনিকা রানী ঘোষকে তিনি বিষয়টি জানান। প্রধান শিক্ষক কোনো ব্যবস্থা না নেওয়ায় মৃত্যুঞ্জয় ঘোষ উপজেলা চেয়ারম্যান মো. নজরুল ইসলামের কাছে যান। চেয়ারম্যান মুঠোফোনে উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। কেউ কোনো ব্যবস্থা না নেওয়ায় তিনি ছেলেকে সঙ্গে নিয়ে গতকাল সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এসে সাংবাদিকদের মাধ্যমে বিচার চান। তিনি সৌরভের পিঠের একাধিক স্থানে রক্ত জমাট বাঁধা দাগ উপস্থিত সাংবাদিকদের দেখান।এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক মো. আসাদুজ্জামান বলেন, ‘পড়া না পারায় রাগের বশে লাঠি দিয়ে চার-পাঁচটি বাড়ি মেরেছি। কিন্তু এখন দেখছি, ছেলেটির পিঠে অনেক দাগ।’ এতগুলো বাড়ি মারেননি বলে তিনি দাবি করেন। লাঠি নিয়ে ক্লাসে যাওয়া নিষেধ, বিষয়টি জানেন কি না জানতে চাইলে তিনি বলেন, এ সম্পর্কে কেউ তাঁকে কিছু বলেনি। নতুন চাকরি, তিনি অনেক কিছু জানেন না।কনিকা রানী ঘোষ প্রথম আলোকে বলেন, ‘শিক্ষক আসাদুজ্জামান ভুল করেছেন। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।’প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মিরাজুল আশরেকিন বলেন, বিষয়টি জানার পর ছেলেটির চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। দোষী শিক্ষকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।