সাতক্ষীরায় শিল্পী জলিলের একক চিত্র প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় গতকাল মঙ্গলবার শিল্পী এম এ জলিলের দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। বেলা সাড়ে তিনটায় জেলা শিল্পকলা একাডেমিতে চার দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন সাংসদ মীর মোস্তাক আহমেদ।

এর আগে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। কলেজশিক্ষক কাজী মুহম্মদ অলিউল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাংসদ মীর মোস্তাক আহমেদ। আরও বক্তব্য দেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হামিদ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শেখ নিজামউদ্দীন, শিক্ষক নাসরিন খান প্রমুখ।

বক্তারা বলেন, শিল্পী এম এ জলিল সাতক্ষীরার শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে চান। পশ্চাৎপদ এ জেলায় থেকেও তিনি নানা স্বপ্ন দেখেন। তারই অংশ হিসেবে তিনি ১৯৮৭ সালে তরুণ বয়সে প্রথম একক চিত্র প্রদর্শনী করেন। এটি তাঁর দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী। এবারের প্রদর্শনীতে মুক্তিযোদ্ধা, প্রকৃতি ও মানুষ নিয়ে কিছু অসাধারণ ছবি স্থান পেয়েছে, যা মানুষকে আকর্ষণ করবে।

শিল্পী এম এ জলিল বলেন, সাহিত্যিক লেখেন আর শিল্পী আঁকেন। দুজনই আবেগ ও অনুভূতি দিয়ে কাজ করেন। জেলায় সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিস্তৃত ঘটাতে তিনি এ উদ্যোগ নিয়েছেন।

প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, প্রকৃতি, সমাজ বিবর্তন, রাজনীতি, মানুষসহ বিভিন্ন বিষয়ের ওপর ৭২টি ছবি ও অর্ধশতাধিক কার্টুন স্থান পেয়েছে। এ উপলক্ষে ৫৬ পৃষ্ঠার ‘ঈষিকার অর্কেস্ট্রা’ নামের ক্যাটালগ প্রকাশ করা হয়েছে। আগামী শুক্রবার এ প্রদর্শনী শেষ হবে।