সাতক্ষীরায় শ্বাসকষ্ট নিয়ে নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় শ্বাসকষ্ট নিয়ে এক নারীর (৬০) মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে এনেও ভর্তি না করে স্বজনেরা বাড়িতে ফেরত নিয়ে যান।গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে ওই নারীর মৃত্যু হয়।করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের পর ওই নারীকে দাফন করা হয়েছে।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম। তিনি জানান, অসুস্থ অবস্থায় ওই নারীকে নিয়ে গতকাল দুপুর ১২টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন তাঁর স্বজনেরা। রোগীর অবস্থা ভালো নয় দেখে তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে করে জেলার করোনাভাইরাস আক্রান্ত রোগীদের জন্য নির্ধারিত হাসপাতাল সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানের চিকিৎসকেরা তাঁকে ভর্তি হতে বললে, তাঁর সঙ্গে থাকা স্বজনেরা ভর্তি না করে তাঁকে নিয়ে বাড়ি চলে যান।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা জিয়াউর রহমান জানান, বাড়ি ফিরে আসার পর গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই নারী মারা যান। তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি দীর্ঘ দিন ধরে ব্রেইন টিউমার সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তবে ওই নারীর শ্বাসকষ্ট থাকায় দাফনের আগে তাঁর নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে।