সাতক্ষীরায় শ্রমিক খুন, বাগেরহাটে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা শহরে এক মোটরশ্রমিককে গলা কেটে খুন করেছে সন্ত্রাসীরা। গতকাল বুধবার সাতক্ষীরা শহরের মাস্টারপাড়ার বাড়ি থেকে ৩০০ গজ দূরের একটি বাড়ির পায়খানার ট্যাংক থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। একই দিনে বাগেরহাটের কচুয়ায় খালের পাড়ে পড়ে থাকা অজ্ঞাতনামা এক তরুণীর (১৭) লাশ উদ্ধার করেছে পুলিশ।সাতক্ষীরায় খুন হওয়া শ্রমিকের নাম শেখ নিজামউদ্দিন (২২)। তিনি শহরের মাস্টারপাড়া এলাকার শেখ সিরাজুল সালেকিনের ছেলে। গতকাল সকাল সাতটার দিকে ডাকবাংলোর পাশে এক জোড়া জুতা ও প্রচুর রক্ত পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। সকাল নয়টার দিকে পুলিশ এসে রক্তের দাগ দেখে পাশের কয়েকটি স্থানে তল্লাশি চালায়। বেলা ১১টার দিকে মাস্টারপাড়ার সরিফুল ইসলামের বাড়ির পায়খানার ট্যাংকে লাশ পাওয়া যায়। নিহত ব্যক্তির বাবা শেখ সিরাজুল সালেকিন জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে নিজামউদ্দিন বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।গতকাল সকালে কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামের চাড়াখালী খালের দক্ষিণ পাড় থেকে পুলিশ এক তরুণীর লাশ উদ্ধার করে। তার গলায় ওড়না পেঁচানো ছিল। ওই তরুণীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। পরিচয় শনাক্ত করতে লাশ থানায় রাখা হয়েছে। কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) দাউদ হোসেন বলেন, গোলাপি সালোয়ার ও কালো কামিজ পরা ওই তরুণীর গলায় লাল রঙের ওড়না পেঁচানো ছিল। তার গায়ের রং কালো। তাকে ধর্ষণের পর দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তরুণীর নাম-পরিচয় উদ্ধার করতে লাশটি থানায় রাখা হয়েছে।