সাতক্ষীরায় সংঘর্ষে আহত ১২, একটি কেন্দ্রে ভোট স্থগিত
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কয়েকটি কেন্দ্রে আওয়ামী লীগ ও জামায়াত-সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। আজ রোববার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এসব সংঘর্ষের ঘটনা ঘটে।
খোর্দ বহুমুখী উচ্চবিদ্যালয়ে বিরোধ হওয়ায় ভোট নেওয়া বন্ধ রয়েছে।
উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল নয়টার দিকে গিয়ে দেখা গেছে, ভোটকেন্দ্রের সামনে বেশ কয়েকজন লাঠিসোঁটা হাতে দাঁড়িয়ে রয়েছেন। জানা গেছে, তাঁরা আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ফিরোজ আহম্মেদের সমর্থক। কেন্দ্রের সামনে ভোটদানে বাধা দেওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করতে গেলে তাঁরা সাংবাদিকদের ওপর হামলা চালান এবং ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেন।
এ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফারুক হাসান জানান, বাইরে কিছু হয়ে থাকলে তাঁর জানা নেই।
ওফাপুর ভোটকেন্দ্রের সামনে সকাল নয়টার দিকে আওয়ামী লীগ ও জামায়াত-সমর্থকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
কেরালকাতা ইউনিয়নের কয়েকটি কেন্দ্র আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর কর্মীরা নিয়ন্ত্রণে রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়াকে কেন্দ্র করে হেলাতলা ইউনিয়নের দামদারকাটি ভোটকেন্দ্রে সকাল সাড়ে ১০টার দিকে সংঘর্ষে চারজন আহত হয়। সুলতানপুর কেন্দ্রে আওয়ামী লীগ ও জামায়াত-সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে।
উত্তর কেড়াগাছি ভোটকেন্দ্রে সকাল সাড়ে ১০টার দিকে ভোটদানে বাধা দেওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করতে নিউ এইজ পত্রিকার সাংবাদিক রুহুল কুদ্দুস ও ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিক বেলাল হোসেনকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা লাঞ্ছিত করেন। তাদের ক্যামেরার মেমোরি কার্ড খুলে নেয় সন্ত্রাসীরা। বেলা ১১টার দিকে জালালাবাদ ইউনিয়নের শংকরপুর ভোটকেন্দ্রের সামনে আওয়ামী লীগ-সমর্থকেরা জামায়াত-সমর্থক আবদুল জলিলকে কুপিয়ে জখম করে।
খাসপুর কেন্দ্রে জামায়াত-সমর্থকদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াত-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী।
কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তুলসীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে জামায়াতের পোলিং এজেন্টদের আওয়ামী লীগ-সমর্থকেরা বের করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে সাতক্ষীরা জেলা রিটানিং কর্মকর্তা মহসিন আলী বলেন, ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে বলে কয়েকটি কেন্দ্র থেকে অভিযোগ পাওয়া গেছে। প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। দুটি কেন্দ্রে ভোট স্থগিত করা হলেও চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ এক ঘণ্টা পর শুরু করা হয়েছে।
এসব অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগদলীয় প্রার্থী ফিরোজ আহমেদ বলেন, জামায়াত-সমর্থকেরা উল্টো তাঁদের লোকদের ওপর হামলা চালাচ্ছে। তাঁদের কর্মীদের মারধর করেছেন।
জামায়াত-সমর্থিত প্রার্থী সহিদুল ইসলাম মুকুল অভিযোগ করেন, কলারোয়া পাইলট হাইস্কুল, তুলসীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীপতিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্র থেকে জামায়াত-সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্টদের বের করে দিয়ে ভোট কারচুপি করছে আওয়ামী লীগের লোকজন।
১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত কলারোয়া উপজেলা। এই উপজেলায় ভোটার এক লাখ ৬৪ হাজার ৪৯৩ জন। মোট ভোট কেন্দ্র ৬৭টি। এই উপজেলায় চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়াম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়াম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।