সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় সাকিবুর রহমান (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে শহরের শহীদ নাজমুল সরণি সড়কের স্টেডিয়াম ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাকিবুরের বাবা কৃষি ব্যাংক সাতক্ষীরার ধুলিহর শাখার ব্যবস্থাপক শামসুর রহমান। তাঁদের বাড়িসাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়ায়। সে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাকিব মোটরসাইকেল চালিয়ে শহরের কাটিয়া বাজারের দিক থেকে পোস্ট অফিসের দিকে আসছিল। এ সময় রাস্তায় আগে থেকে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ১০টার দিকে সে মারা যায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারহাদ জামিল জানান, সাকিবের মাথায় গুরুতর আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। এতেই সে মারা গেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশের ময়নাতদন্ত করা হবে।