সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
সাতক্ষীরার দেবহাটায় ট্রাক ও মহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গতকাল শনিবার আশকারপুর মোড়ে ওই দুর্ঘটনা ঘটে। এ সময় পাঁচজন আহত হন।
নিহত ব্যক্তির নাম আবদুল করিম (৫০)। তাঁর বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে। আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জ উপজেলার পূর্ব নলতা গ্রামের সফুরা বেগম (৪০) ও আনারুল ইসলাম (৪০)। অন্য তিনজনের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি যাত্রীবাহী মহেন্দ্র কালীগঞ্জ থেকে সাতক্ষীরায় আসছিল। পথে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের আশকারপুর এলাকায় একটি ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করিমসহ পাঁচজন আহত হন। সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে করিম মারা যান। অন্যদের মধ্যে দুজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ও তিনজনকে নলতা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক মোহছেনা খাতুন জানান, আবদুল করিমের মাথাসহ বুকে আঘাত লেগেছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।