সাতক্ষীরায় সহিংসতা চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় আওয়ামী লীগের আরও নয়জন নেতা-কর্মীর বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে এসব ঘটনা ঘটে।
এ নিয়ে জেলায় গত ২৪ দিনে সহিংসতায় আওয়ামী লীগের নয়জন নেতা-কর্মী এবং জামায়াত-শিবিরের তিন কর্মী নিহত হয়েছেন। মানবতাবিরোধী অপরাধের দায়ে আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার পর থেকে গত তিন দিনে হিন্দু সম্প্রদায়ের ৩০টিসহ ৬০টি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হলো।
আওয়ামী লীগের নেতা ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, স্থানীয় জামায়াত-শিবির এসব হামলা করছে। কিছু ঘটনা রাতে ঘটলেও লুটপাটের সময় তাঁদের সহজেই শনাক্ত করা যাচ্ছে। আবার কিছু ঘটনা দিনের আলোতে ঘটাচ্ছে। তবে জামায়াত দাবি করছে, ঢালাওভাবে তাদের দোষারোপ করা হচ্ছে।
আশাশুনির প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, শুক্রবার রাত ১২টার পরে ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান, একই ওয়ার্ডের আওয়ামী লীগের সহসভাপতি শওকাত আলী, সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ ও ইউপি সদস্য আয়ুব আলীর বাড়িতে ৩০-৪০ জনের জামায়াত-শিবির কর্মী হামলা চালান। তাঁরা বাড়িতে ঢুকে ভাঙচুর ও লুটপাট করে সব মালামাল নিয়ে যান। পরে সব কটি বাড়িতে আগুন ধরিয়ে দেন তাঁরা।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ফরিদউদ্দিন জানান, কয়েকটি বাড়িতে জামায়াত-শিবিরের সদস্যরা ক্ষতিসাধন করেছেন।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেকী বাজারে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মারুফ বিল্লাহর মালিকানাধীন মুদি দোকান ও পাশের মিন্টুর মিয়ার চায়ের দোকান ভাঙচুর করে জ্বালিয়ে দিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সগীর আলী জানান, দুটি দোকানে কে বা কারা অগ্নিসংযোগ করে। পরে স্থানীয় মানুষ তা নিভিয়ে ফেলতে সক্ষম হয়।
সাতক্ষীরা সদরে পরানদাহ গ্রামের আড়ুয়াখালী বাজারে খিতিশ বাঁছাড়ের মুদি দোকান, পদ্মশাঁখরা গ্রামের আহমেদ আলী ও ইনামুল হকের বাড়িতে শুক্রবার দিবাগত রাতে অগ্নিসংযোগ করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ জানান, জেলায় হিন্দু সম্প্রদায় ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের যেসব ঘটনা গত কয়েক দিনে ঘটেছে, তার অধিকাংশই জামায়াত-শিবির করেছে। কোথাও কোথাও বিএনপি জড়িত।
জামায়াতের সাতক্ষীরা জেলার প্রচার সম্পাদক আবদুল আজিজ বলেন, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা দুর্বৃত্তরা ঘটালেও তাঁদেরকে ঢালাওভাবে দোষারোপ করা হচ্ছে।
২১ নভেম্বর দেবহাটা উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, ২৬ নভেম্বর কলারোয়া দিয়াড়া ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, একই দিন একই ইউপির স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ৩ ডিসেম্বর সাতক্ষীরা সদর উপজেলার ইটেগাছার যুবলীগের কর্মী গিয়াসউদ্দিন, সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমুলিয়া গ্রামের মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন, ৫ ডিসেম্বর সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর গ্রামের আওয়ামী লীগের কর্মী সিরাজুল ইসলাম, ৭ ডিসেম্বর সাতক্ষীরা বলাডাঙ্গা গ্রামের আওয়ামী লীগের কর্মী ইজাহার আলী, ১২ ডিসেম্বর দিবাগত রাতে কলারোয়া উপজেলার গোবিনাথপুর গ্রামের আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আজিজুর রহমান এবং একই উপজেলার একই দিন রাত তিনটায় আওয়ামী লীগের কর্মী মেহেদি হাসানকে হত্যা করা হয়।
যৌথ বাহিনীর ওপর হামলার সময় তাদের পাল্টা গুলিতে ২৬ নভেম্বর সামছুর রহমান, ৩ ডিসেম্বর দেবহাটা উপজেলার গরানবাড়িয়া গ্রামের কিশোর আরিজুল ইসলাম ও আতাপুর গ্রামের হোসেন আলী নিহত হন। এঁরা তিনজন জামায়াত-শিবিরের কর্মী।
আওয়ামী লীগ-সমর্থক কলারোয়া উপজেলার সিংনাল গ্রামের আনিছুর রহমান, সিরাজুল ইসলাম, গোলাম মোস্তফা, মিজানুর রহমান, মোমিন আলী ও মুরারীকাটি জেলেপাড়ায় সাহিদুর রহমানের বাড়ি গত বৃহস্পতিবার দিবাগত রাতে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। একই রাতে আগরদাঁড়ি গ্রামের গোপাল ঘোষাল, তাপস আচার্য, আনোয়ার ঢালী, গোলাম মোস্তফা, নব কুমার মণ্ডল, মিলন বিশ্বাস, কার্তিক সাধু, দুলাল সাধু, বেসরকারি সংস্থায় কর্মরত সমীর সরকার, মদন সাধু, নির্মল সাধুর ও গণেশ কর্মকার ও জেলা ওলামা লীগের সাবেক সহসভাপতি ও সাংবাদিক শাখাওয়াত হোসেনের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। ওই রাতেই নায়ারজোল এলাকায় অমল সমাদ্দারের বাড়িও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় এবং শ্যামল ঘোষালের মিলঘর ভাঙচুর করা হয়।
দেবহাটা উপজেলার পারুলিয়া বাজারে সেন্ট্রাল বস্ত্রালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফার বাড়ি, শুক্রবার সকাল নয়টার দিকে গাজীরহাটে লাবলু বিশ্বাসের মাছের খাদ্যের দোকান, দেবীশহরের সুভাষ ঘোষ ও শরৎ ঘোষের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে।