সাতক্ষীরায় সাংসদের ছেলের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংরক্ষিত মহিলা আসনের সাংসদ রিফাত আমিনের ছোট ছেলে রাশেদ সরোয়ার ওরফে রুমনের (৩২) নামে চাঁদাবাজি ও হত্যার হুমকির অভিযোগে মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাত আটটার দিকে সাতক্ষীরা সদর থানায় মামলাটি করেন ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ী মো. সিরাজুল ইসলাম। মামলায় আরও দুজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।

এদিকে ছেলের বিরুদ্ধে মামলা নিলে দেখে নেওয়ার হুমকি দেওয়ায় কথা উল্লেখ করে সাংসদ রিফাত আমিনের বিরুদ্ধে গতকাল সকালে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা।

মামলায় সিরাজুল ইসলাম অভিযোগ করেন, ২৬ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে রাশেদ সরোয়ার রুমন, ইমরান হোসেন ওরফে টনি, মো. ফরহাদ হোসেনসহ আরও কয়েকজন তাঁর চাচাতো ভাই মো. ফিরোজ হোসেনকে ভোমরা বন্দরের একটি ঘরে নিয়ে যান। পরে ফিরোজের মাধ্যমে তাঁকে (সিরাজুল) ডেকে নেওয়ার চেষ্টা করেন। তিনি না যাওয়ায় ফিরোজের কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন। একপর্যায়ে ফিরোজ কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন। এরপর আসামিরা তাঁদের গুলি করে হত্যার হুমকি দেন।

সাতক্ষীরা সদর থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা বলেন, ২০১৬ সালের ১২ সেপ্টেম্বর জেলা যুবলীগের সাবেক সহসভাপতি জুলফিকার আলী ওরফে উজ্জ্বল একটি মামলা করেন রুমনের নামে। মামলায় উজ্জ্বলকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগ করা হয়। গত ২৪ আগস্ট ঘেরমালিক সিরাজুল ইসলাম চাঁদাবাজির অভিযোগে রুমনের নামে আরেকটি মামলা করেন। এসব মামলায় গত ১৮ সেপ্টেম্বর রুমনকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান।

সাংসদ রিফাত আমিন বলেন, তাঁর ছেলের বিরুদ্ধে সাতক্ষীরা পুলিশ ষড়যন্ত্র শুরু করেছে। ভোমরা বন্দরে কয়েকজন তাঁর ছেলের কাছে চাঁদা দাবি করেছিল। চাঁদা না দেওয়ায় পুলিশের সহযোগিতায় তাঁর ছেলের নামে মামলা করেছে। ওসিকে হুমকি দেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেন।