সাতক্ষীরায় স্কুলছাত্রী আসমা হত্যাকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় দশম শ্রেণীর ছাত্রী আসমাউল হুসনা ওরফে আসমাকে (১৬) হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ আসমার বোন রেহেনা আফরোজা ও তাঁর শাশুড়ি দেবহাটা উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আফরোজা বেগমকে গ্রেপ্তার করেছে।
আসমার লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর দেবহাটা থানার উপপরিদর্শক (এসআই) ইউনুছ আলী গাজী গত শনিবার সন্ধ্যায় ওই দুজনসহ ছয়জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে নির্যাতনের পর আসমাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আসমা সাড়ে সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল।
সদর উপজেলার রইচপুর গ্রামের বাসিন্দা আসমার বাবা আবদুল মজিদ জানান, দেড় বছর আগে তাঁর বড় মেয়ে রেহেনা আফরোজের সঙ্গে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক ও দেবহাটার কুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুল হক ও উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আফরোজা বেগমের ছেলে দেলোয়ার হোসেনের বিয়ে হয়। চলতি বছরের প্রথম থেকে তাঁর মেজো মেয়ে আসমা কুলিয়া ইউনিয়নের বৈচনা গ্রামে রেহেনার শ্বশুরবাড়িতে থেকে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করে আসছিল। গত বৃহস্পতিবার তাঁর জামাতা দেলোয়ার তাঁকে জানান, প্রচণ্ড গরমে হঠা ৎ অসুস্থ হয়ে আসমা মারা গেছে। শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আসমার লাশ দাফনের প্রস্তুতি নেওয়া হয়। ওই দিন দুপুর ১২টার দিকে পুলিশ এসে বলে আসমাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বেলা দুইটার দিকে পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
অভিযোগ উঠেছে, অবৈধ মেলামেশার কারণে আসমা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। দেলোয়ার তাঁর শ্যালিকা আসমার গর্ভপাত ঘটানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করেন।
এ ব্যাপারে চেষ্টা করেও দেলোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তাঁর বড় ভাই মাসুদ রানা জানান, রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন তাঁর ভাইয়ের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি চুপ করে থাকেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক চিকি ৎসা কর্মকর্তা মারুফ হাসান জানান, শুক্রবার বিকেলে লাশের ময়নাতদন্ত করা হয়েছে। আসমাকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আসমা তখন সাড়ে সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বলেন, ঘটনাটি ঘটেছে দেবহাটা থানার মধ্যে। লাশ দাফন করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল সদর থানার মধ্যে। মুঠোফোনে অভিযোগ পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়।
দেবহাটা থানার ওসি কাজী জামালউদ্দিন বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর থানার এসআই ইউনুছ আলী গাজী বাদী হয়ে আসমার বাবা আবদুল মজিদ, মা নাজমা খাতুন, বোন রেহেনা, বোনের স্বামী দেলোয়ার এবং তাঁর মা-বাবাকে আসামি করে হত্যা এবং তথ্য গোপন করার অভিযোগে মামলা করেছেন। মামলার অন্য আসামিরা পলাতক রয়েছেন।