সাতক্ষীরায় স্কুলছাত্রীর আত্মহত্যা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বখাটেদের উত্ত্যক্তের জের ধরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা গ্রামে গত মঙ্গলবার মাকসুদা পারভিন (১৫) নামের দশম শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যা করেছে।বহেরা গ্রামের সাবেক সেনাসদস্য মাহবুবর রহমানের মেয়ে মাকসুদা বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে পুলিশ নূর ইসলাম ওরফে ছোট নামের এক মাদক ব্যবসায়ীকে গতকাল বুধবার সকালে গ্রেপ্তার করেছে।মাহবুবর রহমান বলেন, ২০০৫ সালে সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি গ্রামে এসে মাদকের বিরুদ্ধে প্রতিবাদী হন এবং যুবসমাজকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন। এ কারণে গ্রামের মাদক ব্যবসায়ী নূর ইসলাম ও তাঁর সহযোগীরা প্রায়ই মাহবুবরের স্কুলপড়ুয়া মেয়ে মাকসুদাকে উত্ত্যক্ত করতেন। গত ১৬ জুলাই সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে নূর ইসলাম তাঁর শ্যালিকা সালেহা খাতুনের উপস্থিতিতে মাকসুদাকে অনৈতিক প্রস্তাব দেন। এর প্রতিবাদ করায় নূর ইসলাম মাকছুদার শ্লীলতাহানি ঘটান এবং মারপিট করে কানের দুল ছিনিয়ে নেন।ঘটনার রাতে নূর ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির এবং সালেহার বিরুদ্ধে মারপিট ও জিনিসপত্র কেড়ে নেওয়ার অভিযোগ এনে দেবহাটা থানায় মামলা করতে যান মাহবুবর। কিন্তু পুলিশ যৌন হয়রানির ঘটনায় মামলা না নিয়ে মারপিট ও চুরির অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা নেয়।মাহবুবর বলেন, ১৭ জুলাই পুলিশ নূর ইসলামকে গ্রেপ্তার করে কিন্তু দুই দিন পর জামিনে মুক্তি পান তিনি। একই দিন সালেহাও আদালতে আত্মসমর্পণ করে জামিনে মুক্তি পান। মুক্তি পেয়ে মামলা তুলে নিতে আসামিরা তাঁকে বিভিন্ন সময়ে হুমকি দেয়। মামলা তুলে না নেওয়ায় শ্লীলতাহানি এবং ঘরে ঢুকে টাকা ও সোনার গয়না চুরির অভিযোগ এনে সালেহা খাতুন গত ২ আগস্ট মাহবুবরের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা করেন। সাতক্ষীরার বিচারিক হাকিম তরুণ বাছার ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য দেবহাটার কুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুল হককে নির্দেশ দেন। এ বিষয়ে ইউপি চেয়ারম্যানের নোটিশ পেয়ে ১২ সেপ্টেম্বর সকাল ১০টায় কুলিয়া ইউনিয়ন পরিষদে হাজির হন মাহবুবর। সেখানে নূর ইসলাম, সালেহা খাতুন ও বহেরা গ্রামের আলাউদ্দিন শেখ গালিগালাজ করে মাহাবুবরকে এলাকা থেকে বিতাড়িত করার হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।বিষয়টি জানতে পেরে মানসিকভাবে ভেঙে পড়ে মাকসুদা। মাহবুবর বলেন, ‘উত্ত্যক্তের ঘটনার জের ধরে আমার বিরুদ্ধে পাল্টা মামলা ও অপমান করার বিষয়টি মেনে নিতে পারেনি মেয়ে। এর জের ধরে মঙ্গলবার সকালে এক ফাঁকে বিষাক্ত কীটনাশক পান করে মাকসুদা। সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।’গ্রেপ্তার হওয়া নূর ইসলাম বলেন, মাকসুদাকে শ্লীলতাহানি, মারপিট এবং তার বাবাকে ইউনিয়ন পরিষদে গালিগালাজ, হুমকি-ধমকি ও অপমানকর কথা বলার অভিযোগ ঠিক নয়। মাহাবুবর রহমান সেনাসদস্য হওয়ায় উল্টো তাঁকে বিভিন্নভাবে হয়রানি করেছেন। প্রতিবাদ করায় তাঁর শ্যালিকা ও তাঁর নামে মিথ্যা মামলাও দিয়েছেন।যোগাযোগ করা হলে কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হক বলেন, ১২ সেপ্টেম্বর তাঁর উপস্থিতিতে মাহাবুবরকে হুমকি-ধমকি বা গালিগালাজ করার ঘটনা ঘটেনি। তবে তিনি উভয় পক্ষকে বিষয়টি মিটিয়ে নেওয়ার কথা বলায় সালেহা খাতুন একটু চিৎকার-চেচামেচি করেন। পরিষদে ঢোকার আগে বা পরে কেউ অপমান করলে তাঁর জানার কথা নয়।দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ময়নাতদন্ত ছাড়াই মাকসুদার লাশ দাফন করা হয়েছে। এ ঘটনায় মাহাবুবর আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে গতকাল নূর ইসলাম ও সালেহা খাতুনের নামে একটি মামলা করেছেন। নূর ইসলামকে প্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।