সাতক্ষীরায় স্ত্রী খুন স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক কলহের জের ধরে স্বামী তাঁর স্ত্রীকে পিটিয়ে খুন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে সাতক্ষীরা শহরের কামালনগরে এ ঘটনা ঘটেছে।পুলিশ ঘটনাস্থল থেকে নিহত সাবিকুন নাহারের (২৫) লাশ উদ্ধার ও তাঁর স্বামী মনিরুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে। মনিরুল সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা সদরের ভদ্রখালি গ্রামের গোলাম হোসেন খাঁর ছেলে ও শ্যামনগর উপজেলা কৈখালি ইউনিয়ন ভূমি কার্যালয়ে এমএলএসএস পদে কর্মরত।সাবিকুন নাহার সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি গ্রামের শওকত আলীর মেয়ে। তাঁদের দুই বছরের একটি ছেলে ও দুই মাসের একটি মেয়ে রয়েছে।নিহতের মা আঞ্জুয়ার খাতুন জানান, মনিরুলের সঙ্গে এক নারীর পরকীয়া ছিল। গতকাল ভোরে শহরের কামালনগরের ভাড়াবাড়িতে সেহরির পর ওই ঘটনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে মনিরুল কাঠের মুগুর দিয়ে মাথায় ও পিঠে আঘাত করলে তাঁর মেয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় মনিরুলকে আটক করা হয়।মনিরুলের দাবি, তিনি ফজরের নামাজ পড়তে মসজিদে যান। বাসায় ফিরে এসে তাঁর স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে দেখতে পান। তিনি ওই পুরুষকে মুগুর দিয়ে মারতে গেলে তাঁর স্ত্রীর মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।সাতক্ষীরা সদর থানার ওসি শাহজান খান জানান, এ ঘটনায় আঞ্জুয়ারা খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।