সাতক্ষীরায় স্লুইসগেট বন্ধের নির্দেশ, চিংড়ি চাষ হুমকিতে
সাতক্ষীরায় চিংড়ি চাষে নদী থেকে লোনাপানি তোলার জন্য চিংড়িচাষিদের নির্মিত স্লুইসগেট ও বাক্স কলগুলো (নালা) পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বন্ধ করার নির্দেশ দিয়েছে। এতে চিংড়ি চাষ হুমকির মুখে পড়েছে। এ কারণে চিংড়ি রপ্তানি থেকে আয় কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।মৎস্য বিভাগ সূত্র জানায়, জেলায় ২৫ হাজার ৩৯৫টি বাগদা চিংড়ির ঘের রয়েছে। চিংড়িচাষিরা জানান, পাউবোর অনুমতি নিয়ে তাঁদের নকশা অনুযায়ী স্লুইসগেট অথবা বাক্স কল নির্মাণ করে জেলার দেড় শতাধিক চিংড়িচাষি নদী থেকে লোনাপানি তুলে দীর্ঘদিন ধরে চিংড়ি চাষ করে আসছিলেন। গত ৬ মে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড চাষিদের চিঠি দিয়ে এসব স্লুইসগেট ও বাক্স কলগুলো বন্ধ করার নির্দেশ দিয়েছে। চাষিরা জানান, লোনাপানি তোলা বন্ধ করে দিলে জেলার প্রায় ৮০ শতাংশ চিংড়িঘের বন্ধ হয়ে যাবে। এতে জেলার পাঁচ লাখ মানুষ বেকার হয়ে পড়বে। আর দেশ হারাবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা।চিংড়িচাষিদের অভিযোগ, নদী থেকে পানি তোলার জন্য অনেক চিংড়িচাষি পাউবোর বাঁধ কেটে অবৈধভাবে প্রায় এক হাজার পাইপ বসিয়েছেন। নিয়মকানুন না মেনে এসব পাইপ বসানোর কারণে বাঁধ দুর্বল হয়ে পড়েছে। এ কারণে প্রতিবছর বাঁধ ভেঙে যায়।জাতীয় চিংড়ি চাষি সমিতির সভাপতি আবতাবুজ্জামান জানান, সম্প্রতি একটি সংগঠন পরিবেশ রক্ষার জন্য লোনাপানি তুলে চিংড়ি চাষ বন্ধের ব্যাপারে হাইকোর্টে আবেদন করে। সেই পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ গত ১৫ ফেব্রুয়ারি রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জোর করে নতুন কোনো কৃষিজমিতে লোনাপানি তুলে চিংড়ি চাষ করা যাবে না মর্মে এক আদেশ দেন। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা হাইকোর্টের আদেশের ভুল ব্যাখ্যা দিয়ে কয়েক বছর আগে অনুমতি নিয়ে চিংড়িচাষিদের নির্মিত স্লুইসগেট ও বাক্স কলগুলো বন্ধ করে দিচ্ছেন। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড, বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মজিবুর রহমান ও বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শাহাবুদ্দিন আহম্মদ জানান, হাইকোর্টের আদেশের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁরা বেড়িবাঁধ কেটে বসানো অবৈধ পাইপগুলো অপসারণ করার সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়া অনুমতি নিয়েও চাষিরা যেসব স্লুইসগেট ও বাক্স কল নির্মাণ করেছিল তা বাতিল করা হয়েছে। অবৈধভাবে পাইপ বসানোয় ইতিমধ্যে ৫৩০ জন চিংড়িচাষির বিরুদ্ধে মামলা করা হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা নিত্যরঞ্জন বিশ্বাস জানান, দেশের রপ্তানিকৃত হিমায়িত মৎস্যের এক-তৃতীয়াংশ উৎপাদিত হয় সাতক্ষীরায়। পানির অভাবে চিংড়িঘের বন্ধ হয়ে গেলে চিংড়ি উৎপাদন কম হবে। কমে যাবে চিংড়ি থেকে বৈদেশিক মুদ্রার আয়।