সাতক্ষীরায় সড়ক অবরোধে দুই হাজার গাছ হত্যা
১৮ দলের ডাকা অবরোধ ও হরতালে সাতক্ষীরা জেলায় গত তিন সপ্তাহে অন্তত দুই হাজার গাছ কেটে সড়ক অবরোধ করা হয়েছে। তবে সাধারণ মানুষের দাবি, এ সংখ্যা আরও বেশি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৬ নভেম্বর থেকে সড়ক অবরোধ শুরু হলে অবরোধ সমর্থকেরা সাতক্ষীরা-খুলনা, সাতক্ষীরা-যশোর, সাতক্ষীরা-আশাশুনি, কদমতলা-বৈকারী, মাধবকাঠি-রামেরডাঙ্গা, ইটেগাছা-খানপুর, সাতক্ষীরা-ব্যাংকদাহ, বাঁকাল-ভোমরা, সখিপুর-দেবহাটা, কলারোয়া-সরশকাটি, জয়নগর-৩০ মাইল, পাটকেলঘাটা-তালা, তালা-হাজরাকাঠি, কালীগঞ্জ-বাঁশতলা, নাজিমগঞ্জ-নূরনগর, শ্যামনগর-ভেটখালী, শ্যামনগর-নওয়াবেকি, আশাশুনি-শ্রীউল্যা সড়কসহ বিভিন্ন সড়কের পাশের গাছ কেটে সড়কে ফেলে রেখে অবরোধ সৃষ্টি করে।
এলাকার অনেকে জানান, অবরোধে কাটা গাছের অধিকাংশ বিভিন্ন দলের নেতা-কর্মীরা নিয়ে গেছেন। বন বিভাগ সাতক্ষীরার রেঞ্জ কর্মকর্তা মোজামেঞ্চল হোসেন জানান, তাঁরা গত ২৬ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ৭৯২টি গাছ উদ্ধার করেছেন।
জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, এ পর্যন্ত তাঁরা শতাধিক গাছ উদ্ধার করেছেন। জেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর আহমেদ জানান, গাছ কেটে রাস্তা অবরোধ করায় আইন প্রয়োগকারী সংস্থা ও সাধারণ মানুষকে গাছ সরিয়ে ফেলতে এবং তাদের নিয়ে যেতে বলা হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ সাতক্ষীরার জরিপকারী নূরুল আমিন জানান, অবরোধের সময় তাঁদের ২৫-৩০টি গাছ কাটা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সাতক্ষীরার সহকারী প্রকৌশলী ফারুখ হোসেন বলেন, গাছ কেটে লোকজন নিয়ে গেছে। কিন্তু কতগুলো গাছ কাটা হয়েছে তার হিসাব এখনো করা যায়নি।
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমাম আহসান বলেন, তাঁরা সড়কের ওপর থেকে ৫০০-৭০০টি গাছ সরিয়েছেন।
সাতক্ষীরা ৩৪ বিজিবি ব্যাটালিয়নের (নীলডুমুর) অধিনায়ক লে. কর্নেল আনোয়ারুল আলম সাংবাদিকদের গত ৯ ডিসেম্বর বলেন, তাঁরা শ্যামনগর ও কালীগঞ্জের বিভিন্ন সড়কে কেটে ফেলে রাখা সহস্রাধিক গাছ সরিয়েছেন।