সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের দেবহাটা উপজেলার বহেরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হচ্ছেন দেবহাটা উপজেলার গরানবাড়িয়া এলাকার মো. জহিরউদ্দিনের ছেলে আবু জাফর (২৫) ও একই এলাকার আবদুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে বহেরা এলাকায় কালীগঞ্জ থেকে ইঞ্জিনচালিত ভ্যানে করে ওই দুজন সাতক্ষীরার দিকে আসছিলেন। এ সময় একটি যাত্রীবাহী বাস সাতক্ষীরার দিকে আসার পথে ওই স্থানে ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আবু জাফর নিহত হন। গুরুতর জখম অবস্থায় শরিফুলকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে তাঁর মৃত্যু হয়। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস জানান, পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আবু জাফরের পরিবার তাঁর মরদেহ নিয়ে গেছে।
শরিফুলের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।