সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা সদর উপজেলার মথুরাপুর গ্রামে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইউসুফ হোসেন (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফের বাড়ি সদর উপজেলার লাবসা গ্রামে। বাবার নাম আব্দুস সালাম। দুর্ঘটনায় শেখ আব্দুর রহমান নামে আরও এক ব্যক্তি আহত হন। তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, দুজন আরোহী নিয়ে মোটরসাইকেলটি সাতক্ষীরা থেকে যশোরের দিকে যাচ্ছিল। মথুরাপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ইউসুফ ঘটনাস্থলে নিহত হন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদ হক শেখ বলেছেন, নিহতের লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।