সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ১ জন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের দেবহাটা উপজেলার সখীপুরের ডেলটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আজগার আলী। তিনি কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে। নিহত আজগার দুর্ঘটনাকবলিত বাসের চালকের সহকারী ছিলেন।

আহত ব্যক্তিদের মধ্যে রিয়াজুল ইসলাম, ইউনুচ আলী, ফিরোজা বেগম, নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম ও ফাতেমা খাতুনসহ ১০ জনকে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালীগঞ্জ থেকে সাতক্ষীরাগামী একটি বাস ডেলটা মোড়ে পৌঁছে একটি মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চালকের সহকারী আজগারের মৃত্যু হয়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-উর-রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত ব্যক্তির লাশের ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।