সাতক্ষীরায় সড়কে গাছের গুঁড়ি, ভোমরায় ককটেল
সাতক্ষীরার বিভিন্ন স্থানে টায়ার জ্বেলে ও সড়কে গাছের গুঁড়ি ফেলে জেলা শহরের সঙ্গে উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে অবরোধ-সমর্থকেরা। ১৮ দলের ডাকা ৭২ ঘণ্টা অবরোধের প্রথম দিন আজ শনিবার সকাল থেকে অবরোধকারীরা এসব করছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের অদূরে কদমতলা এলাকায় সাতক্ষীরা-যশোর সড়কে টায়ার জ্বেলে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করেন জামায়াত-শিবিরের কর্মীরা। পরে তাঁরা সেখানে একটি বিক্ষোভ মিছিল করেন। সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের আলীপুর চেকপোস্ট এলাকায় সড়ক অবরোধ ও সমাবেশ করছে অবরোধ-সমর্থকেরা।
বঙ্গালের মোড়-ঘোনা সড়কের রইচপুর এলাকায় গাছ কেটে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে অবরোধকারীরা। সাতক্ষীরা-আশাশুনি সড়কের রামচন্দ্রপুর, কুল্লা বুধহাটাসহ বিভিন্ন উপজেলায় সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
সকাল সাতটার দিকে শ্যামনগর উপজেলার গোডাউন মোড়ে সাতটি ও ভোমরা স্থলবন্দরে পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, নাশকতা এড়াতে সাতক্ষীরার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, বিজিবি ও র্যাব মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সকালে রহমান আলী নামে জামায়াতের একজন কর্মীকে কলারোয়া বাজার থেকে আটক করা হয়েছে বলে তিনি জানান।