সাতক্ষীরায় হামলার আশঙ্কায় প্রার্থীদের সীমিত প্রচারণা
দশম জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনের দুটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হয়েছেন। যে দুটিতে নির্বাচন হচ্ছে ওই সব এলাকায় জামায়াত-শিবিরের কর্মীদের হামলার আশঙ্কা থাকায় তেমন প্রচারণা নেই। এ কারণে নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে তেমন আগ্রহ বা উত্সাহও নেই।
পরিস্থিতি থমথমে থাকায় সাতক্ষীরা-২ আসনের প্রার্থীরা এখনো পৌর এলাকার বাইরে প্রচারণায় যেতে পারছেন না। সাতক্ষীরা-১ আসনের প্রার্থীরা অনেক এলাকায় স্বাভাবিকভাবে প্রচারণা চালাতে পারছেন না।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরার চারটি আসনের মধ্যে সাতক্ষীরা-৩ (আশাশুনি, দেবহাটা ও কালীগঞ্জের একাংশ) আসনে আ ফ ম রুহুল হক ও সাতক্ষীরা-৪ আসনের (শ্যামনগর ও কালীগঞ্জের একাংশ) জগলুর হায়দার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ১৪ দলের মনোনীত প্রার্থী ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুত্ফুল্লাহ ও বিদ্রোহী প্রার্থী সৈনিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সরদার মুজিব। সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মীর মোস্তাক আহমেদ ও বিদ্রোহী প্রার্থী ছাইফুল করিম, ন্যাপের প্রার্থী জেলা ন্যাপের সাধারণ সম্পাদক কাজী সাইদুর রহমান এবং জাতীয় পার্টির (জেপি) জেলা সভাপতি মহাসিন হোসেন।
মুস্তফা লুত্ফুল্লাহ জানান, তালা উপজেলার ইসলামকাটি ও কলারোয়া উপজেলার জয়নগর, কুশখালী, যুগীখালী ও দিয়াড়া ইউনিয়নে আওয়ামী লীগসহ ১৪ দলের নেতা-কর্মীরা জামায়াত-শিবিরের হুমকি-ধমকিতে এলাকায় থাকতে পারছেন না। তালার নুরুল্লাপুর গ্রামে জামায়াত-শিবিরের কর্মীরা গত শনিবার তাঁর প্রচার মাইক ভাঙচুর করেছেন।
কলারোয়ার যুগীখালী গ্রামের কৃষক আবদুল জলিল বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরও দলটির নেতা-কর্মী ও সমর্থকেরা খুন হচ্ছেন; বাড়িতে থাকতে পারছেন না। তাই ভোট দিতে যাওয়া মানে নিজের বিপদ ডেকে আনা। জয়নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ ফিরোজ আহমেদ বলেন, ‘আমি নিজেই চার মাস ধরে বাড়ি ছাড়া। যেখানে আমার এই অবস্থা, সেখানে সাধারণ মানুষের মধ্যে কীভাবে ভোট দেওয়ার উত্সাহ থাকবে?’
ইসলামকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুভাষ সেন বলেন, ‘ভয়ে দীর্ঘদিন থেকে তালা সদরে এক আত্মীয়ের বাড়িতে থাকছি। এলাকায় যেতে পারছি না। ভোট নিয়ে ভাবব কী করে।’
সাতক্ষীরা-২ আসন সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। ২৪ ডিসেম্বর পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থী মোস্তাক আহমেদ, বিদ্রোহী প্রার্থী সাইফুল করিম ও ন্যাপের প্রার্থী সাইদুর রহমান পৌর এলাকার বাইরে প্রচারণা চালাতে যাননি। তাঁরা জানান, উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১০টিতে প্রচারণা চালানোর মতো পরিবেশ নেই। এখন তাঁরা পৌরসভার ভেতরে মাইকিং ও প্রচারপত্র বিলি করছেন। তবে জাতীয় পার্টির (জেপি) প্রার্থী মহাসিন হোসেন বলেন, পৌরসভার বাইরে তিনি কয়েকটি ইউনিয়নে গণসংযোগ করেছেন।