সাতক্ষীরায় ১০৫ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়নের বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনের মামলায় ১০৫ জন সদস্যের অভিযোগ উপস্থাপন করা হয়েছে। গতকাল শনিবার সকালে ৪১ রাইফেল ব্যাটালিয়নে গঠিত বিশেষ আদালত-১২-এ মামলার বাদী সুবেদার মেজর আবদুস সাত্তার এ অভিযোগ উত্থাপন করেন।অভিযোগপত্রে উল্লিখিত বিডিআর সদস্যদের মধ্যে পাঁচজন সুবেদার, আটজন নায়েব সুবেদার, ২৭ জন হাবিলদার, ১১ জন নায়েক, নয়জন ল্যান্স নায়েক, দুজন সিগনালম্যান ও ৪৩ জন সেপাই। আজ রোববার আসামিদের আদালতে হাজির করা হবে।অভিযুক্ত ১০৫ জনের মধ্যে সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়ন সদর ও বিভিন্ন ক্যাম্পে কর্মরত ৭৮ জনকে গতকাল সকালে ব্যাটালিয়ন সদরে আনা হয়। এ ছাড়া আগে আটক ২৭ জনসহ মোট ১০৫ জনকে বিদ্রোহের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালতের নির্দেশে ৭৮ জনকে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়।সকাল ১০টা ১৫ মিনিটে বিচার কার্যক্রম শুরুর পর প্রথমেই মামলার বাদী সুবেদার মেজর আবদুস সাত্তার মিঞা আদালতের অনুমতি নিয়ে ১০৫ জন বিডিআর সদস্যের নাম উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করে বিচারের দাবি জানান।সাড়ে ১১টায় আদালত ২০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করা হয়। দুপুর ১২টায় দ্বিতীয় পর্বে বিচারক রাষ্ট্রদ্রোহ মামলায় জেলহাজতে থাকা ২৭ জনসহ মোট ১০৫ জনকে বিডিআর আইনের মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। পাঁচ মিনিট কার্যক্রম চলার পর আজ সকাল ১০টা পর্যন্ত আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করা হয়।