সাতক্ষীরায় ১০৫ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন ৬ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনের মামলায় ১০৫ জওয়ানের বিরুদ্ধে আগামী ৬ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের তারিখ ধার্য করা হয়েছে। ওই ব্যাটালিয়নের সদরে স্থাপিত বিশেষ আদালতের বিচারক গতকাল রোববার এই তারিখ ধার্য করেন।এদিকে খাগড়াছড়ির ২৯ রাইফেল ব্যাটালিয়ন ও ১১ রাইফেল ব্যাটালিয়নের বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনের মামলায় ১১৬ জনের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়েছে। বিডিআরের খাগড়াছড়ি সেক্টর সদরে স্থাপিত বিশেষ আদালত-১৫-তে গতকাল বিচারকাজ শুরু হয়। গতকাল সকাল নয়টা ২৫ মিনিটে সাতক্ষীরা জেলা কারাগার থেকে ১০৫ জন বিডিআর সদস্যকে বিশেষ আদালতে আনা হয়। ৪১ রাইফেল ব্যাটালিয়ন সদরে গঠিত বিশেষ আদালতের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয় গতকাল সকাল ১০টায়। শুরুতেই কৌঁসুলি (প্রসিকিউটর) ১০৫ আসামির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে তাঁদের কঠোর শাস্তির দাবি জানান।আসামিদের মধ্যে পাঁচজন সুবেদার, আটজন নায়েব সুবেদার, ২৭ জন হাবিলদার, ১৩ জন নায়েক, নয়জন ল্যান্স নায়েক, দুজন সিগনালম্যান ও ৪১ জন সিপাই।আদালতে চার সদস্যের বিচারক প্যানেলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিডিআরের রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল মো. এহিয়া আযম খান। বিচারক উপস্থিত সব বিডিআর সদস্যের পরিচয় জেনে নেন। কারাগারে তাঁদের কোনো সমস্যা হচ্ছে কি না, সে ব্যাপাারে খোঁজখবর নেন। বিডিআর আইনে আসামিরা যাতে সব ধরনের সুবিধা পান তা নিশ্চিত করার জন্য কৌঁসুলি লে. কর্নেল এনায়েত করিমকে নির্দেশ দেন। এর পর আগামী বছর (২০১১ সাল) ৬ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের দিন ধার্য করে ওই দিন পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করেন।খাগড়াছড়িতে বিশেষ আদালত-১৫-এর বিচারক প্যানেলের সভাপতি হিসেবে ছিলেন বিডিআর চট্টগ্রাম সেক্টরের কমান্ডার কর্নেল মো. জাহেদুর রহমান। ২৯ রাইফেল ব্যাটালিয়নের ৪৭ জন বিডিআর সদস্যের বিরুদ্ধে বিশেষ আদালতে অভিযোগ উত্থাপন করেন নায়েক সুবেদার সহকারী মো. আকরাম হোসেন। অভিযোগে বলা হয়, আসামিরা সম্মিলিতভাবে গত বছর ২৬ ফেব্রুয়ারি পিলখানার বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মাটিরাঙ্গা উপজেলার খেদাছড়ায় ২৯ রাইফেল ব্যাটালিয়ন সদরে বিদ্রোহ করেন। আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে আসামিদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। শুনানির পরবর্তী দিন ২৫ অক্টোবর ধার্য করা হয়েছে। এই দিন সব আসামিকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।আদালতের দ্বিতীয় অধিবেশনে রামগড়ে ১১ রাইফেল ব্যাটালিয়নের ৬৯ জন বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিদ্রোহের প্রত্যক্ষদর্শী উপসহকারী পরিচালক (ডিএডি) মো. হাফিজ আহমেদ। অভিযোগে বলা হয়, আসামিরা বিডিআর আইন ও শৃঙ্খলা ভঙ্গ করে অস্ত্র ও গোলাবারুদ লুণ্ঠন করেন। ব্যাটালিয়ন সদর এলাকায় নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে বিদ্রোহ সংঘটিত করেন। আদালত ২৬ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেন। এ দিন সব আসামিকে আদালতে হাজির করার জন্য ব্যাটালিয়নের ইউনিটপ্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে।