সাতক্ষীরায় ১১ বস্তা ভেজাল হলুদের গুঁড়া জব্দ, গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরা শহরের একটি হলুদ ভাঙানোর কল থেকে গতকাল সোমবার ১১ বস্তা ভেজাল হলুদের গুঁড়া ও চার বস্তা নিম্নমানের ভাঙা চাল জব্দ করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার পুলিশ এগুলো আটক করে। এ সময় ওই কলের দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুজন হলেন সাতক্ষীরা শহরের ইটাগাছার হাবিবুর রহমান (৪৯) ও জেলা সদরের ভাদড়া গ্রামের ফজলুর রহমান (৩৮)।সাতক্ষীরা সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আয়ুব হোসেন জানান, তিনি গতকাল দুপুর ১২টায় বড় বাজারে আবদুল আজিজের হলুদ ভাঙানোর কলে যান। এ সময় তিনি চালের গুঁড়া মেশানো ১১ বস্তা ভেজাল হলুদের গুঁড়া ও চার বস্তা ভাঙা চাল আটক করেন। এ ঘটনায় তিনি ওই কলের মালিক আবদুল আজিজ, তাঁর শ্যালক রবিউল ইসলাম ও গ্রেপ্তার হওয়া ওই দুজনের বিরুদ্ধে মামলা করেছেন।