সাতক্ষীরায় ১৪৪ ধারা, সমাবেশ করতে পারেনি কোনো পক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা শহরে গতকাল বৃহস্পতিবার একই স্থানে জামায়াতে ইসলামী এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি সমাবেশ আহ্বান করায় সহিংসতার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। শেষ পর্যন্ত কোনো পক্ষই সমাবেশ করতে পারেনি। আগের দিন বুধবার রাতে জামায়াত-শিবিরের ৪১ কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে আজ শুক্রবার বরিশালেও জামায়াত এবং মুক্তিযোদ্ধা সংসদসহ চারটি সংগঠন একই স্থানে একই সময় সমাবেশ আহ্বান করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামী শহরের শহীদ আবদুর রাজ্জাক পার্কে বৃহস্পতিবার বিকেল তিনটায় সমাবেশের ঘোষণা দেয় গত রোববার। দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মাদ মুজাহিদের এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। জামায়াতের ঘোষণার পর গত সোমবার ঘাতক-দালাল নির্মূল কমিটি মুজাহিদকে সাতক্ষীরায় প্রতিহত করার ঘোষণা দেয়। একই সঙ্গে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক সংগঠন রাজ্জাক পার্কে বৃহস্পতিবার দিনব্যাপী সমাবেশের ঘোষণা দেয়। সমাবেশ সফল এবং মুজাহিদকে প্রতিহত করতে সংগঠনগুলো বুধবার বিকেলে শহরে লাঠিমিছিল বের করে।এ অবস্থায় সহিংসতার আশঙ্কায় গতকাল সকাল ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজ্জাক পার্ক ও শহরে সভা-সমাবেশের ওপর ১৪৪ ধারা জারি করে প্রশাসন। সকালে শহরে মাইকিং করে প্রশাসনের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।১৪৪ ধারা জারি করায় কোনো পক্ষই সমাবেশ করতে পারেনি। মুজাহিদও সাতক্ষীরায় যাননি। জামায়াত জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন আহ্বান করলেও পরে তা স্থগিত করে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাশেম খান জানান, একই স্থানে একই সময়ে পৃথক দুটি সমাবেশ ডাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শহরে তিন শতাধিক পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।ওসি আরও জানান, বুধবার রাতে গোপন সভা করার সময় তালা উপজেলার পাটকেলঘাটা আল আমিন ফাজিল মাদ্রাসা থেকে ৩৭ জন এবং সদরের আগরদাড়ি টাইটেল মাদ্রাসা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। সরকার উচ্ছেদের ষড়যন্ত্রের অংশ হিসেবে তাঁরা ওই সভা করছিলেন। পুলিশ তাঁদের বিরুদ্ধে দুটি মামলা করেছে। গতকাল আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার জানান, প্রশাসন ১৪৪ ধারা জারি করায় তাঁদের নির্ধারিত সমাবেশে স্থগিত করা হয়েছে। জেলা জামায়াতের সেক্রেটারি নূরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘আমাদের জনসভা ছিল পূর্বনির্ধারিত। এ জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতিও নেওয়া হয়েছিল। অথচ ক্ষমতাসীন দল ও তাদের কয়েকটি সহযোগী সংগঠন আমাদের সভা পণ্ড করার জন্য একই স্থানে সভা আহ্বান করে। জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে আমাদের জনসভা করতে দেয়নি। এমনকি প্রশাসন আমাদের সংবাদ সম্মেলনও করতে দেয়নি।’বরিশালেও ১৪৪ ধারা: বরিশাল নগরের মহিলা ক্লাব মাঠে উপজেলা পর্যায়ের মজলিসে শুরার সদস্যদের নিয়ে আজ শুক্রবার সকাল নয়টায় সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াত। এতে আলী আহসান মুজাহিদ ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজাহারুল ইসলামের উপস্থিত থাকার কথা আছে।এদিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সেক্টর কমান্ডার্স ফোরাম, ঘাতক-দালাল নির্মূল কমিটি ও সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ একই সময়ে একই স্থানে সমাবেশের ঘোষণা দিয়েছে।জানা গেছে, একই দিনে একই স্থানে দুটি সমাবেশ আহ্বান কারায় সহিংসতার আশঙ্কায় বৃহস্পতিবার রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সমাবেশস্থল ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।