সাতক্ষীরায় ১৫ আইনজীবীর জেল-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচার চলাকালে আদালতকক্ষের দরজা-জানালা ভাঙচুর করে আতঙ্ক সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাহ আলমসহ ১৫ জন আইনজীবীকে আড়াই বছর করে কারাদণ্ড, পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে প্রত্যেককে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাতক্ষীরার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. হাবিবুল্লাহ মাহমুদ গতকাল মঙ্গলবার বিকেলে এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার দেড় ঘণ্টা পর বিকেল সাড়ে পাঁচটার দিকে দণ্ডপ্রাপ্ত আইনজীবীরা সাতক্ষীরার জেলা ও দায়রা জজ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করে জামিনের আবেদন জানান। আদালতের বিচারক জোয়ার্দ্দার মো. আমিনুল ইসলাম তাঁদের অন্তর্বর্তীকালিন জামিন মঞ্জুর করেন। জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি আবদুল গণি বিষয়টি নিশ্চিত করছেন।

>২০১৩ সালের ১৮ নভেম্বর সাতক্ষীরার আদালতে বিচারকাজ চলাকালে লাঠিসোঁটা নিয়ে আদালতকক্ষের দরজা ও জানালার কাচ ভাঙচুর করা হয়

দণ্ডপ্রাপ্ত আইনজীবীরা হলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, মোস্তফা আসাদুজ্জামান, বর্তমান সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন, আকবর আলী, অসীম কুমার মণ্ডল, মিজানুর রহমান, সিরাজুল ইসলাম, আবদুস সালাম, সাইফুল ইসলাম, মো. সোহরাব হোসেন, আবদুস সামাদ, আনিছুজ্জামান, সোহরাব হোসেন ও শেখ তোহা কামালউদ্দিন হীরা। মামলায় খালাস পাওয়া আইনজীবীরা হলেন সরদার সাঈফ ও সাহেদুজ্জামান।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৩ সালের ১৮ নভেম্বর সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকাজ চলাকালে লাঠিসোঁটা নিয়ে আদালতকক্ষের দরজা ও জানালার কাচ ভাঙচুর করে পেশকার, পিয়নসহ বিচারপ্রার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন জেলা আইনজীবী সমিতির তৎকালীন সভাপতি শাহ আলম, তৎকালীন সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, বর্তমান সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেনসহ বেশ কয়েকজন আইনজীবী। এ ঘটনায় ওই আদালতের বিচারক মো. ফখরুদ্দীন বাদী হয়ে ওই দিন ১৭ জন আইনজীবীর বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক এস এম হুমায়ুন কবীর এজাহারভুক্ত ১৭ জন আইনজীবীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৪ সালের ৩ আগস্ট তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। মামলায় সাতজন সাক্ষী সাক্ষ্য দেন। গত বছরের ১৬ অক্টোবর মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। গতকাল বিচারক মো. হাবিবুল্লাহ মাহমুদ এ রায় দেন।
রায় ঘোষণার পর আসামিপক্ষের আইনজীবীরা সংশ্লিষ্ট আদালতে জামিন আবেদন জানালে তা খারিজ করে দেন বিচারক। এরপর দণ্ডপ্রাপ্ত আইনজীবীরা রায়ের বিরুদ্ধে বিকেল সাড়ে পাঁচটার দিকে জেলা ও দায়রা জজ আদালতে আপিল করে জামিনের আবেদন জানান। আদালতের বিচারক জোয়ার্দ্দার মো. আমিনুল ইসলাম তাঁদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। অতিরিক্ত সরকারি কৌঁসুলি ফাহিমুল হক ও সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মজিদ ১৫ জন আইনজীবীর জামিন পাওয়ার সত্যতা নিশ্চিত করেন।