সাতক্ষীরায় ২০০ চালকল মালিককে নোটিশ
এক দফা দাম বাড়ানোর পরও সাতক্ষীরা জেলায় বোরো মৌসুমে সরকারের ধান-চাল সংগ্রহ অভিযান ব্যর্থ হয়েছে। গত ৩০ আগস্ট ছিল সংগ্রহ অভিযানের শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি অনুয়ায়ী চাল সরবরাহ না করা এবং চুক্তি না করায় জেলার ২০০টি চালকলের মালিককে কারণ দর্শানোর নোটিশ পাঠনো হয়েছে। জেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয় থেকে ৮ সেপ্টেম্বর পাঠানো এসব নোটিশের জবাব ৩০ সেপ্টেম্বরের মধ্যে দিতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে জবাব না দিলে ওই সব চালকলের মালিকের লাইন্সেস বাতিল করা হবে। চলতি বছরের ১ মে থেকে সাতক্ষীরা জেলার সাতটি উপজেলায় বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়।সাতক্ষীরা জেলা খাদ্যনিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানা গেছে, এবার বোরো মৌসুমে জেলায় ১২ হাজার মেট্রিক টন চাল ও দুই হাজার মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। দাম ধরা হয় প্রতি কেজি চাল ২৫ ও প্রতি কেজি ধান ১৭ টাকা। এতে সাড়া না মেলায় চালের দাম কেজিপ্রতি তিন টাকা বাড়ানো হয়। দাম বাড়ানোর পরও সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। সূত্র আরও জানায়, সাতক্ষীরা জেলায় তিন শ চালকল রয়েছে। এর মধ্যে ২০০টি চালকলে নিয়মিত ধান ভাঙানো হয়। চলতি বোরো মৌসুমে ৯৬টি চালকলের মালিক সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হন। অবশিষ্ট ১০৪টি চালকলের মালিক চুক্তিবদ্ধ হননি। যাঁরা চুক্তি করেছেন তাঁরাও নির্ধারিত সময়ের মধ্যে চাল সরবরাহ করেননি। অভিযানের শেষ দিন (৩০ আগস্ট) পর্যন্ত জেলায় মাত্র এক হাজার ১০০ মেট্রিক টন চাল ও ১৬ মেট্রিক টন ধান সংগৃহীত হয়েছে।সাতক্ষীরা জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল গফ্ফার কারণ দর্শানোর নোটিশ পাওয়ার কথা স্বীকার করে বলেন, চালকলমালিকদের আর্থিক সংকট থাকায় এবং বাজারের চেয়ে সরকার-নির্ধারিত মূল্য কম হওয়ায় মালিকেরা চাল সরবরাহ করতে পারেননি। সাতক্ষীরা সদর উপজেলার সুবীর ঘোষ, কলারোয়া উপজেলার চন্দনপুর গ্রামের আতাউর রহমান ও শাহাদাৎ হোসেনসহ কয়েকজন কৃষক বলেন, সরকার-নির্ধারিত মূল্য কম। তা ছাড়া ধান ও চাল সরকারি গুদামে দিতে গিয়ে তাঁদের নানা ঝামেলার মুখোমুখি হতে হয়। তাই তাঁরা সরকারের কাছে ধান বিক্রি করেননি।সাতক্ষীরা জেলা খাদ্যনিয়ন্ত্রক শৈলেনচন্দ্র রায় জানান, তিনিসহ বিভিন্ন উপজেলার খাদ্য কর্মকর্তারা বহু চেষ্টা করলেও বোরো সংগ্রহ অভিযানে উল্লেখযোগ্য সাড়া মেলেনি। তাঁদের সঙ্গে চুক্তি না করায় এবং চুক্তি করেও চাল সরবরাহ না করায় ২০০টি চালকলের মালিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কারণ না দর্শালে সংশ্লিষ্ট চালকলমালিকদের লাইসেন্স বাতিল করা হবে। সাতক্ষীরা জেলা খাদ্যশস্য সংগ্রহ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. আবদুস সামাদ চালকলমালিকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।