সাতক্ষীরায় ২১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
সাতক্ষীরা শহরে গত বৃহস্পতিবার ২১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সাতক্ষীরা সড়ক ও জনপথ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা ও বিদ্যুৎ বিভাগ যৌথভাবে এ উচ্ছেদ অভিযান চালায়।জানা গেছে, সাতক্ষীরা শহরে সড়ক ও জনপথ এবং পৌর কর্তৃপক্ষের জমি অবৈধভাবে দখল করে অনেকে অবৈধভাবে দোকানঘর ও অফিস নির্মাণ করেছে। শহরের সাতক্ষীরা-খুলনা ও সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের ওপর বসানো হয় ফলের দোকান ও বাজার। শহরের পলাশপোল এলাকার রিকশাচালক আবদুল গফুর, ভ্যানচালক আবদুর রহমান ও কাটিয়া এলাকার বাসিন্দা মোজাহারুল ইসলাম জানান, এমনভাবে সড়ক দখল হয়েছে যে হেঁটে চলাও কঠিন। বিশেষ করে সকাল আটটা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ও বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত মারাত্মক যানজটের সৃষ্টি হয় এবং প্রায়ই দুর্ঘটনা ঘটে।সাতক্ষীরা জেলা প্রশাসন সূত্রে জানা যায়, চলতি মাসের ১৬ ডিসেম্বর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সড়কের জায়গায় নির্মিত ঘর ও বাজার উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।সাতক্ষীরা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম জানান, সাতক্ষীরা-খুলনা সড়কের সদর হাসপাতাল থেকে নারকেলতলা মোড় ও সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের খুলনা মোড় থেকে কুকরালি মোড় পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার সড়কের দুই পাশের ২১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।