সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৩৯ শতাংশ
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৩৯ শতাংশ। অথচ মে মাসের প্রথম সপ্তাহে শনাক্তের হার ছিল ১৩ শতাংশ। কিন্তু ঈদের পর তা বাড়তে বাড়তে শেষ সপ্তাহে এসে দাঁড়িয়েছে ৪১ শতাংশে। করোনা শনাক্তের হার বাড়ায় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ জেলায় কঠোর লকডাউন দেওয়ার পরিকল্পনা করছে। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র এসব তথ্য জানিয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় রোববার থেকে সোমবার ২৪ ঘণ্টায় ১০৫ জনের মধ্যে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩৩ দশমিক ৩৩ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় জেলায় ৯০ জনের মধ্যে ৩৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৪১ দশমিক ১১ শতাংশ। গত ২৩ মে থেকে ৩০ মে পর্যন্ত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৫০০ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। সেখানে থেকে আসা নমুনা পরীক্ষার ফলাফলের প্রতিবেদনে ২০৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা গেছে, ২৪ ঘণ্টায় ৯০ জনের নমুনা পরীক্ষায় ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সাতক্ষীরা সদর হাসপাতাল ও বেসরকারি হাসপাতালগুলোতে ২০২ জন করোনা রোগী ভর্তি আছেন। এ পর্যন্ত জেলায় করোনার উপসর্গ নিয়ে ২১৭ জন ও করোনায় ৪৭ জন মারা গেছেন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক কুদরত-ই-খোদা বলেন, করোনা রোগীর ৮৭ শয্যা বাড়িয়ে ১৫০ শয্যা করা হয়েছে। রোগী সামলাতে চিকিৎসক ও নার্সরা রীতিমতো হিমশিম খাচ্ছেন।
সাতক্ষীরার সিভিল সার্জন হুসাইন সাফায়াত জানান, ভারতফেরত ৩৩৭ বাংলাদেশির মধ্যে ১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে তাঁদের শরীরে করোনাভাইরাসের ভারতীয় ধরন আছে কি না, তা জানা যায়নি। তাঁদের নমুনা সংগ্রহ করে ২২ মে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হলেও প্রতিবেদন পাওয়া যায়নি। তাঁদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, সাতক্ষীরা সীমান্তের চোরাপথ দিয়ে অবৈধ লোকজন যাতে কোনো অবস্থায় প্রবেশ করতে না পারে, সে জন্য মনিটরিং জোরদার করা হয়েছে। এ জন্য সাতক্ষীরা সদর, কলারোয়া, কালীগঞ্জ, দেবহাটা এবং শ্যামনগরের কৈখালী ইউনিয়ন–সংলগ্ন সীমান্ত পাহারায় স্থানীয়ভাবে প্রতিরক্ষা কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিজিবির প্রতিনিধি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আছেন।
জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল আরও বলেন, জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এখনই লকডাউন না দিয়ে কড়া বিধিনিষেদের ওপর জোর দেওয়া হযেছে। ৩ জুন অনুষ্ঠেয় জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় লকডাউন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ প্রসঙ্গে সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ বলেন, বিজিবি সদস্যরা কয়েক সপ্তাহ ধরে সাতক্ষীরা সীমান্তে টহল জোরদার করেছেন। এ মাসের প্রথম দিকে কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও বর্তমানে অবৈধ যাতায়াত দৃশ্যমান হচ্ছে না।