সাতক্ষীরায় ৩ যুবক আটক, ফরিদপুরে একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করায় সাতক্ষীরায় তিন যুবককে আটক করেছে পুলিশ। একই অভিযোগে ফরিদপুরে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। দুই জেলায় গত সোমবার বিকেল থেকে গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক ও গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরায় আটক তিন যুবক হলেন শামিম হোসেন (২০), মোস্তাকিম বিল্লাহ (২২) ও আবদুল আলিম (২৪)। আশাশুনি উপজেলার চেউটিয়া গ্রাম থেকে গতকাল মঙ্গলবার তাঁদের আটক করা হয়।
আশাশুনি থানার ওসি গোলাম রহমান বলেন, প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে, এমন অভিযোগের ভিত্তিতে গতকাল ভোরে চেউটিয়া গ্রাম থেকে শামিমকে আটক করে থানার পুলিশ। পরে বিকেলে একই গ্রাম থেকে মোস্তাকিম ও আলিম নামের আরও দুই যুবককে আটক করা হয়।
ফরিদপুরে গ্রেপ্তার যুবকের নাম তিতু খান (৩০)। তিনি নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের আশফরদী গ্রামের মাইনুদ্দিন খানের ছেলে। সোমবার বিকেলে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নগরকান্দা থানার এসআই সুকান্ত দত্ত বলেন, দীর্ঘদিন ধরে তিতু নিজের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের কয়েকজন মন্ত্রীর ছবি বিকৃত করে আপত্তিকর মন্তব্যসহ পোস্ট করে আসছিলেন।