সাতক্ষীরায় ৩০০ গ্রাম প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিনের টানা বর্ষণ, কপোতাক্ষ ও বেদনা নদীর পানি বেড়ে যাওয়ায় সাতক্ষীরার চার উপজেলার ৫২টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ৩০০ গ্রাম প্লাবিত হয়েছে। এ পর্যন্ত পাঁচ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।গবাদিপশু, হাঁস-মুরগি নিয়ে সমস্যায় পড়েছে লোকজন। সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তালা-পাইকগাছা সড়কের তিন ফুট ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় পাঁচ দিন ধরে পাইকগাছা ও কয়রার সঙ্গে সারা দেশের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বৃষ্টি ও উজানের পানিতে সাতক্ষীরার তালা, আশাশুনি, কলারোয়া ও সাতক্ষীরা সদর উপজেলায় প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।জেলার কৃষি ও মৎস্য কর্মকর্তারা জানান, বৃষ্টিতে জেলায় কয়েক হাজার মাছ ও চিংড়ির ঘের ভেসে গেছে। ক্ষতি হয়েছে প্রায় ৪১৬ কোটি টাকার। ধানসহ বিভিন্ন ফসলের খেত ডুবে ৭৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।সরেজমিনে গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার দেখা গেছে, সাতক্ষীরা শহরের ৪১ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তর, বিসিক শিল্পনগর, বিদ্যুৎ সাব স্টেশন, সদর উপজেলা পরিষদ, কাস্টমস গুদাম, সুন্দরবন টেক্সটাইল মিলস ও জেলা কারাগার চত্বর পানিতে তলিয়ে গেছে। ডুবে গেছে শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। একইভাবে তলিয়ে গেছে তালা উপজেলা পরিষদ চত্বর। ইতিমধ্যে সেখানে ১০টি কার্যালয়ের কার্যক্রম অন্যত্র স্থানান্তর করা হয়েছে। তালা সদরের বাজার ও প্রধান সড়কে হাঁটুসমান পানি। তালা-পাইকগাছা সড়কের হরিশ্চন্দ্রকাঠির ১০ কিলোমিটার এলাকা তিন ফুট পানির নিচে থাকায় পাঁচ দিন ধরে পাইকগাছা ও কয়রার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। কপোতাক্ষ নদের হরিশ্চন্দ্রকাঠি এলাকার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধ ভেঙে গেছে।সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বেনেরপোতা এলাকা দিয়ে পানি প্রবাহিত হওয়ায় বাস-ট্রাক ছাড়া অন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। প্রতিদিনই আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষের ভিড় বাড়ছে। তালায় এ পর্যন্ত ৪০টি আশ্রয়কেন্দ্রে প্রায় পাঁচ হাজার পরিবার আশ্রয় নিয়েছে। এ ছাড়া কলারোয়া ও সাতক্ষীরা সদরের আরও ৩০টি আশ্রয়কেন্দ্রে তিন হাজার মানুষ আশ্রয় নিয়েছে। তবে লোকজন সমস্যায় পড়েছে গবাদিপশু ও হাঁস-মুরগি নিয়ে। গত তিন দিনে আরও তিন লাখ মানুষ পন্দিবন্দী হয়ে পড়েছে। এ নিয়ে জেলায় প্রায় পাঁচ লাখেরও বেশি মানুষ পানিবন্দী অবস্থায় জীবন যাপন করছে।জেলা চিংড়িচাষি সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, চিংড়িচাষি ও মাছচাষিরা সর্বস্বান্ত হয়ে পড়েছেন। মৌসুমের শুরুতে চিংড়িঘেরগুলোতে ব্যাপক হারে মড়ক লাগে। অনেকে এখনো কোমর সোজা করে দাঁড়াতে পারেনি। এরপর বৃষ্টির পানিতে জেলার নব্বই ভাগ ঘের ভেসে গেছে।সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, উপজেলার ১৪টির মধ্যে বল্লি, লাবসা, ঝাউডাঙ্গা, ব্রহ্মরাজপুর, ধুলিহর, ফিংড়ি ও ঘোনার ইউনিয়নের অবস্থা বেশি খারাপ। পানিনিষ্কাশনব্যবস্থা ভেঙে পড়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান, প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ইতিমধ্যে উপজেলার ১২টি ইউনিয়নের প্রায় সব গ্রাম কমবেশি প্লাবিত হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে খলিলনগর, কুমিরা, জালালপুর, ইসলামকাঠি, তেঁতুলিয়া ও তালা সদর ইউনিয়ন।জেলার খামারবাড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা গণেশ চন্দ্র মণ্ডল জানান, আমনের বীজতলা, আউশ, হলুদ ও পানের বরজ মিলে ক্ষতি হয়েছে ৪৭ হাজার একর জমির ফসল। প্রাথমিক তথ্যানুযায়ী, ক্ষতির পরিমাণ ৭৫ কোটি টাকা।জেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা শেখ ইয়াকুব আলী জানান, জেলার কলারোয়া বাদে বাকি ছয়টি উপজেলার ৪০ হাজার ৩৯০টি চিংড়িঘের ভেসে গেছে। পুকুর ভেসে গেছে পাঁচ হাজার। এ পর্যন্ত চিংড়িঘেরের অবকাঠামোসহ ক্ষতি হয়েছে ৪১৬ কোটি ৫৮ লাখ টাকার। জেলা প্রশাসক আবদুস সামাদ বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় ১৩৬ মেট্রিক টন চাল ও এক লাখ টাকা দেওয়া হয়েছে।